ড্যাফোডিলে হয়ে গেল বন্ধুসভার নবান্ন উৎসব
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভা আজ মঙ্গলবার দিনব্যাপী নবান্ন উৎসবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রিন্স প্লাজা ক্যাম্পাসে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
সকাল ১০টা থেকে শুরু হয় পিঠা মেলা। নানা ধরনের পিঠার পসরা নিয়ে বসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পিঠা মেলার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম।
বিকেল সাড়ে তিনটায় অডিটরিয়ামে শুরু হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের এ অনুষ্ঠান। আলোচনা করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান, সহউপচার্য ড. এম গোলাম রহমান, মিজানুর রহমান, সৈয়দ আখতার হোসেন ও আনোয়ার হাবিব।
নবান্ন নিয়ে কথা বলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ডা. মোহিত কামাল ও মাহমুদুজ্জামান বাবু।
সাংস্কৃতিক পর্বে থাকে গান, নৃত্য, আবৃত্তি ও মুকাভিনয়। নবান্নকে ঘিরে দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা। উৎসবে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ড. বিনয় বর্মন ও সাইদুজ্জামান রওশন।