ড্যাবের ইফতারে ছাত্রদলের হাতাহাতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ শুক্রবার ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
ড্যাব ইফতার মাহফিলের আয়োজন করেছিল নগরের পাঁচলাইশ এলাকার দি কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী আলমের অনুসারী কয়েকজন ইফতার মাহফিলে যান। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাজী আলমের অনুসারী কামরুল ইসলামের সঙ্গে কাজী আলমেরই অপর অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়েই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে জানতে চাইলে কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কাজী আলমের উপস্থিতিতে তাঁর কিছু জুনিয়র কর্মী আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। কিন্তু কাজী আলম নিবৃত্ত করতে আসেননি।’ কাজী আলম বলেন, ‘তুচ্ছ ঘটনা থেকে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, ‘সংগঠনের সার্বিক পরিবেশ যারাই নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’