ড্র কেব্ল টিভিতে সম্প্রচার, লটারিতে ঝুঁকছে শিশুরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিদিন লটারির আয়োজন করা হয়। প্রতি রাতে ড্র হয়। ‘উঠাও বাচ্চা’ বলে শিশুদের দিয়ে ওঠানো হচ্ছে লটারির টিকিট। এই অনুষ্ঠান অবৈধভাবে কেব্ল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এতে লটারির খবর পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে।
প্রতিদিন গ্রাম থেকে শহরের বিপুলসংখ্যক মানুষ লটারির টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছে। পুরস্কারের লোভে লটারির ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রিকশা-ভ্যানের চালক, নির্মাণশ্রমিক ও দিনমজুরের মতো শ্রমজীবী মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও লটারির টিকিট কিনছে।
শহরের শহীদ চান্দু স্টেডিয়াম-সংলগ্ন প্রস্তাবিত মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে এই মেলার আয়োজন করেছে বগুড়া শিল্প ও বণিক সমিতি। ১ মার্চ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের জনপ্রতি ২০ টাকার টিকিট কেটে মেলায় প্রবেশ করতে হচ্ছে। মেলা তত্ত্বাবধান করছে বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট। ৭৮টি স্টল থাকলেও সিংহভাগই দেশীয় গার্মেন্টস, জুতা-স্যান্ডেল, আচার, চটপটি, আইসক্রিম ও ইলেকট্রনিক পণ্যের দোকান। মোটরসাইকেল, টেলিভিশন, শিশুদের খেলনা, চায়না গৃহস্থালি পণ্য আর বার্মিজ আচারের হাতে গোনা কয়েকটি বিদেশি স্টল রয়েছে। শিশুদের বিনোদনের জন্য দোলনা বোট, নাগরদোলা, মিনি ট্রেন ও থ্রিডি মুভি ভূতের বাড়ি দেখার ব্যবস্থা আছে।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি রাতে ‘স্বপ্নছোঁয়া’ নামের লটারির ড্র হয়। এতে মোটরসাইকেল, রঙিন টেলিভিশন, ইজিবাইক, স্বর্ণালংকারসহ নানা পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিদিন সাতসকাল থেকে ২০০ কর্মী শহর ছাড়াও পাড়া-মহল্লা, হাট-বাজার ও উপজেলা-পৌরসভায় অটোরিকশা, ইজিবাইক, রিকশা-ভ্যানে মাইকিং করে টিকিট বিক্রি করেন। প্রতিটি টিকিটের মূল্য ২০ টাকা। প্রতিদিন গড়ে ৪০ লাখ টাকার টিকিট বিক্রি হয়। প্রতিদিন ৫৯টি পুরস্কার দেওয়া হয়।
গত বৃহস্পতিবার দুপুরে মেলায় গিয়ে দেখা যায়, ২৫ থেকে ৩০ জন কর্মী লটারির টিকিট বিক্রি করছেন। স্কুল ফাঁকি দিয়ে শিশু শিক্ষার্থীরা টিকিট কিনছে। শহরের সেন্ট্রাল স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্র বলে, তাদের বাড়ি শহরের মালগ্রাম এলাকায়। বাবা একজন সিএনজি অটোরিকশাচালক। লটারির টিকিট কিনতে সকালে তার বাবাকে না বলেই পকেট থেকে ৫০ টাকা নিয়ে মেলায় এসেছে।
আবদুল খালেক নামের একজন রিকশাচালক বলেন, ‘সারা দিন শহরে রিকশা চালিয়ে ২০০-২৫০ টাকা কামাই করি। মোটরসাইকেল পাওয়ার আশায় ১০০ টাকা দিয়ে প্রতিদিন লটারির টিকিট কিনি। রাতে টেলিভিশনের সামনে বসে ড্র দেখি। কিন্তু এখন পর্যন্ত কোনো পুরস্কার পাইনি।’
রাত সাড়ে নয়টার দিকে মেলায় দেখা যায়, লটারির ড্র অনুষ্ঠান কেব্ল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি মাইক্রোফোন হাতে অনুষ্ঠান সঞ্চালনা করছেন। লটারির টিকিট তোলার জন্য ১২-১৩ বছর বয়সী একটি শিশুর চোখ বেঁধে দেওয়া হয়েছে। আবদুর রাজ্জাক ‘উঠাও বাচ্চা’ বলার সঙ্গে সঙ্গে শিশুটি টিকিট তুলে তাঁর হাতে দেয়। প্রথম পুরস্কার একটি ১৫০ সিসির মোটরসাইকেল। তবে বিজয়ী তখন মেলা প্রাঙ্গণে ছিলেন না।
নাম প্রকাশ না করার শর্তে শহরের সেউজগাড়ী এলাকার এক ব্যক্তি বলেন, বিকেল থেকেই মেলায় উচ্চ শব্দে সার্কাসের মাইক বাজে। রাত ১১টা পর্যন্ত উচ্চ শব্দে বাজে লটারির মাইক। এলাকায় শতাধিক ছাত্রাবাস। সামনে এইচএসসি পরীক্ষা। মাইকের শব্দে পরীক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে।
বাণিজ্য মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বলেন, মেলার ইজারাদার জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান।
মুঠোফোনে জানতে চাইলে আবদুল মান্নান বলেন, মেলার ব্যয় মেটাতে লটারি চালাতে হচ্ছে। আর বিশ্বাসযোগ্যতার জন্যই এই লটারির ড্র কেব্ল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, ‘মেলার অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে লটারির অনুমতি রয়েছে কি না কাগজপত্র না দেখে এ বিষয়ে মন্তব্য করব না।’ তিনি বলেন, কেব্ল টেলিভিশনে কোনো অনুষ্ঠান বা বিজ্ঞাপন প্রচার অবৈধ। লটারির ড্র সম্প্রচার করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার কেব্ল ব্যবসাপ্রতিষ্ঠান এ ওয়ান ডিজিটালের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন হওয়ায় বণিক সমিতির কথামতো লটারির ড্র কেব্ল টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। আইনি বিষয় দেখার দায়িত্ব আয়োজকদের।