ড্রাম চিমনির ইটভাটা ভেঙে ফেলার তাগিদ
খুলনা অঞ্চলের ইটভাটা মালিকদের পরিবেশ সুরক্ষার শর্ত মেনে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিগগির ড্রাম চিমনি প্রযুক্তির ভাটা ভেঙে ফেলার আহ্বান জানানো হয়।
গতকাল মঙ্গলবার খুলনার আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ’ প্রকল্পের আওতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংক্রান্ত খসড়া বিধিমালা এবং ইটের প্রযুক্তিবিষয়ক পরামর্শ কর্মশালায় এই তাগিদ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর খুলনার আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল।
পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করা এবং এর আশপাশের পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিধিমালাকে যুগোপযোগী রাখার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
মহাপরিচালক ইট ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসা, ঝুঁকি ও লাভ আপনার। কিন্তু পরিবেশ সবার। তাই পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নতুন প্রযুক্তির সঙ্গে সবাইকে একাত্ম হতে হবে।’ পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, খুলনা অঞ্চলে বর্তমানে ৫৩ শতাংশ পরিবেশসম্মত ইটভাটা রয়েছে। গত বছর যা ছিল ৩৫ শতাংশ। শিগগির এটি ৬০ ভাগে উন্নীত করার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কর্মশালায় ইটভাটার মালিকেরা তাঁদের ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সময়সীমা তিন বছরের বেশি করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের কেস প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম মনজুরুল হান্নান খান, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক ও উপসচিব হোসেন আলী খন্দকার এবং পরিবেশ অধিদপ্তরের উপসচিব শাহ রেজওয়ান হায়াত।