ড্রামের চিমনির অর্ধশতাধিক ভাটা
কুষ্টিয়ায় ড্রামের তৈরি চিমনির অর্ধশতাধিক ইটভাটা রয়েছে। তা ছাড়া ইট পোড়াতে কয়লা ব্যবহারের কথা থাকলেও ব্যবহূত হচ্ছে কাঠ ও বাঁশের মোথা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় অর্ধশতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। এসব ভাটার চিমনি ড্রামের তৈরি। ১৯৯২ সালের আইন অনুযায়ী কৃষিজমিতে ইটভাটা স্থাপন এবং ভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ। এ ছাড়া ভাটায় ১২০ ফুট উচ্চতার চিমনি ব্যবহার করতে হবে। কিন্তু এসব আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী ভাটামালিকেরা ভাটায় হাজার হাজার মণ কাঠ পোড়াচ্ছেন। কৃষিজমি ও বসতভিটার পাশেই গড়ে উঠেছে ভাটা।১৭ জানুয়ারি দৌলতপুরের কয়েকটি ভাটায় গিয়ে ড্রামের তৈরি ৪০-৫০ ফুট উঁচু চিমনি দেখা গেছে। দৌলতপুর উপজেলার কৃষক আতাহার আলী বলেন, ভাটার চিমনির উচ্চতা নির্ধারিত মাপের চেয়ে কম হওয়ায় বিষাক্ত ধোঁয়ায় ফসলের পাশাপাশি জনস্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ৩৮টি ইটভাটার অনুমতি রয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, অনুমোদন ছাড়াই এখানে প্রায় ৪৫টি অবৈধ ভাটা চলছে। এর মধ্যে শুধু দৌলতপুর উপজেলায় ২০টি। বাকি পাঁচ উপজেলায় রয়েছে আরও ২৫টি।জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, অবৈধ ভাটামালিকদের কারণে বৈধ ভাটার মালিকেরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। কুষ্টিয়ার এনডিসি আরিফ উজ জামান বলেন, ইটভাটায় ড্রামের চিমনি ব্যবহার নিষিদ্ধ। কিছুদিন আগে অভিযান চালিয়ে ড্রামের চিমনির বেশ কিছু ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। শিগগির অন্য ভাটাগুলোয় অভিযান চালানো হবে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহায়তা চাওয়া হয়েছে।