ড্রামের ভেতরের লাশটি মেজু আহমেদের

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া প্রায় অর্ধগলিত লাশটির পরিচয় মিলেছে। লাশটি জামালপুরের সৈয়দ আলীর ছেলে মেজু আহমেদের (৩৫)।
মেজুর স্ত্রী হেনা আক্তার (২৭) গতকাল বুধবার রাতে সখীপুর থানায় এসে জুতা ও জামাকাপড় দেখে লাশ শনাক্ত করেন। মেজু পরিবার নিয়ে ঢাকার আশুলিয়া জামগড়া এলাকায় পোলট্রি ব্যবসা করতেন। সখীপুর থেকে ব্রয়লার মুরগি নিয়ে ঢাকার বিভিন্ন হোটেলে সরবরাহও করতেন মেজু।
পুলিশ ও নিহত মেজুর পরিবার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে জামগড়ার ভাড়া বাসা থেকে মেজু ব্যবসায়িক কাজে ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে আশুলিয়া থানার সামনে একটি ব্যাংকের উদ্দেশে বের হন। রাতেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে ওই রাতেই তাঁর স্ত্রী হেনা আক্তার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গতকাল বুধবার সখীপুরের কালিয়া ঘোনারচালা এলাকার ঢাকা-সাগরদিঘী সড়কের পাশে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর মেজু আহমেদের লাশ পাওয়া যায়। ওই দিনই সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) অমল চন্দ্র সরকার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। পরে রাতে খবর পেয়ে হেনা আক্তার সখীপুর থানায় যান।
আজ বৃহস্পতিবার বিকেলে মেজু আহমেদের শ্যালক সাগর আহমেদ মুঠোফোনে জানান, ‘আশুলিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেয়নি। তারা সখীপুর থানায় মামলা করার পরামর্শ দিয়েছে।’
এদিকে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন:
সখীপুরে ড্রামের ভেতর তরুণের লাশ