ড্রিল মেশিনে পায়ের চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ড্রিল মেশিনে ফুটো করা করা হতো রোগীর পায়ের হাড়
এই ড্রিল মেশিনে ফুটো করা করা হতো রোগীর পায়ের হাড়

পুরোদস্তুর হাতুড়ে চিকিত্সাকেন্দ্র। এখানে দেয়াল ফুটো করার মেশিন দেয়ালে না ঢুকিয়ে ফুটো করা হতো রোগীর পায়ের হাড়। এভাবে দিব্যি চিকিত্সা চলত খোদ রাজধানীর পঙ্গু হাসপাতালের পাশে বাবর রোডে।

যিনি চিকিত্সা করতেন সেই বাবুল চন্দ্র পাইকের নেই কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান। তাঁর সহযোগী রতন কৃষ্ণ বছর পাঁচেক আগে খুলনায় মাছের বাজারে ইলিশ মাছের ব্যবসা করতেন।

অভিযোগ পেয়ে বাবর রোডের ১৬/১৪ নম্বর বাসার তৃতীয় তলায় বাবুলের ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালায় র্যাব-২-এর একটি দল। হাতুড়ে ও প্রতারণার চিকিত্সার অভিযোগে বাবুল ও রতনকে এক লাখ পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং এক বছর করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা।

বাবুল ও রতনকে সহযোগিতার অভিযোগে অন্তরা শিকদার, ইমাম হাসান, জুয়েল মিয়া, মাসুম বিল্লাল ও শোভা বণিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

সাজা পাওয়া সাত আসামি
সাজা পাওয়া সাত আসামি



নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা প্রথম আলোকে জানান, ২৫-৩০ জন দালাল পঙ্গু হাসপাতালসহ আশপাশের ক্লিনিক থেকে রোগী ভাগিয়ে ন্যাশনাল কেয়ার হাসপাতালে আনার কাজ করতেন। গভীর রাতে এ হাসপাতালের মালিক পাইক বাবু ও তাঁর ভায়রা রতন কৃষ্ণ মিলে চিকিত্সক ছাড়া নিজেরাই রোগীদের চেতনানাশক ইনজেকশন দিতেন এবং অস্ত্রোপচারের কাজ করতেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে ন্যাশনাল কেয়ারে অভিযান চালানো হয়। এ সময় রতন কৃষ্ণ স্বীকার করেন, তিনি রোগীর পায়ের হাড় ড্রিল মেশিন দিয়ে ফুটো করে টানা দেওয়ার কাজটি করে থাকেন। ড্রিল মেশিনটি হার্ডওয়্যারের দোকান থেকে কিনে এনেছেন। মেশিনটির ওপরে লেখা রয়েছে ৩৫০০ আরপিএম। এটি মিনিটে ৩৫০০ বার ঘুরবে। আনোয়ার পাশা বলেন, দেওয়াল ফুটো করার এ যন্ত্র দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রতন মানুষের হাড় ফুটো করতেন।

পাইক বাবু জানান, রতন যখন হাড় ফুটো করেন, তিনি সে সময় রোগীকে চেতনানাশক ইনজেকশন দেওয়ার কাজটি করতেন। বাইরে থেকে অনেক সময় চিকিত্সক এনে অস্ত্রোপচার করানো হতো।

এখানে হাতুড়ি চিকিত্সার পর রোগীদের কাছ থেকে লাখ টাকার বিল আদায় করা হতো । পায়ের অস্ত্রোপচারের পর জামালপুরের ফরিদকে ৯০ হাজার টাকা বিলের জন্য এক মাস, সিলেটের রূপ মিয়াকে কয়েক সপ্তাহ হাসপাতালটিতে আটক রাখা হয়।

পরে হাসপাতালটি সিলগালা করে রোগীদের পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। র্যাব-২-এর মেজর রাকিবুল ইসলাম পরিচালিত এই অভিযানের সময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।