তুরাগ নদের তীরভূমি ভরাটের বিরুদ্ধে গতকাল রোববার সকাল থেকে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও ১৫ মেট্রিক টন পাইপ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের অভিযানকারী দল। ভরাটকারীকে ১৬ লাখ ৪২ হাজার টাকা জরিমানাও করা হয়।আশুলিয়ার দিয়াবাড়ি বেড়িবাঁধ এলাকায় তুরাগ নদের তীরে জলাভূমির প্রায় ৫৫ হাজার বর্গফুট অংশ অবৈধভাবে বালু দিয়ে ভরাট করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযানে র্যাব সদস্যরা অংশ নেন। মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, জব্দ করা ড্রেজারটি বিআইডব্লিউটিএর কাছে পাঠানো হয়েছে। পাইপগুলো ট্রাকে করে পরিবেশ অধিদপ্তরে আনা হয়েছে। গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত ‘আইন-আদালত মানছে না নদীখেকোরা’ শিরোনামের প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, এসব ভরাট বা দখলের বিরুদ্ধে অধিদপ্তর পর্যায়ক্রমে অভিযান চালাবে। অভিযানকারী দল জানায়, তুরাগতীর ভরাট করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অপরাধে জলাভূমিটির মালিক দাবিদার এস এম নূরুল ইসলামকে পরিবেশ সংরক্ষণ আইনে ১৬ লাখ ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ দণ্ড দেওয়া হয়। তিনি ঢাকার বাইরে থাকায় তাঁকে এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধের সময় দেওয়া হয়। এ ছাড়া ভরাট করা জায়গা থেকে বালু সরিয়ে নিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।জলাভূমির দাবিদার নূরুল ইসলামের ব্যবস্থাপক আবদুল হালিম জানান, তাঁরা চারজন ভূমিমালিক থেকে সম্প্রতি এক কোটি ৭৭ লাখ টাকায় জলাভূমিটি কেনেন। সেখানে তাঁদের একটি শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।অভিযানকারী দল জানায়, তাদের অনুসন্ধান অনুযায়ী তুরাগতীরের ৫৪ হাজার ৭৭৬ বর্গফুট জলাভূমি ভরাটের ফলে ওই এলাকায় বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে। এ ছাড়া এ রকম জায়গা ভরাট হলে বর্ষার পানিপ্রবাহ বন্ধ, নৌপথ সংকুচিত, জীববৈচিত্র্য বিনষ্ট এবং কৃষি উৎপাদনও বিঘ্নিত হয়। ড্রেজিং প্রতিষ্ঠান তৌহিদ এন্টারপ্রাইজের মালিক তৌহিদুল ইসলাম পরিবেশ অধিদপ্তরকে জানান, গত ১৯ মে থেকে ড্রেজারের মাধ্যমে তিনি এ পর্যন্ত পাঁচ লাখ ঘনফুটের বেশি বালু ফেলেছেন। জলাশয় ভরাট করা যে অপরাধ, তা তিনি জানতেন না। ভবিষ্যতে জলাশয় ভরাট ব্যবসা আর করবেন না বলে তিনি অঙ্গীকার করেন। জলাভূমির মালিক বলে দাবিদার এস এম নূরুল ইসলামকে অবিলম্বে পরিবেশ অধিদপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া জলাশয় হিসেবে চিহ্নিত স্থানটি স্থানীয় ভূমি অফিসে নাল জমি হিসেবে রেকর্ডটি বাতিল করে জলাশয় হিসেবে রেকর্ড সংরক্ষণের জন্য ঢাকা জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।