ড্রেজার মালিক ও পাথরশ্রমিকদের সংঘর্ষে আহত ২০
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিনের মালিক ও পাথরশ্রমিকদের মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষে কমপক্ষে ২০ পাথরশ্রমিক আহত হয়েছেন। উপজেলার দেবনগর ও ভজনপুর ইউনিয়নের মধ্যবর্তী করতোয়া নদীর পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বরুল হক পুলিশ নিয়ে সেখানে যান এবং একটি ড্রেজার মেশিন ও এর সরঞ্জাম জব্দ করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাথর ব্যবসায়ীদের একটি চক্র দীর্ঘদিন ধরে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করছে। এর প্রতিবাদে স্থানীয় পাথরশ্রমিকেরা কয়েকবার ড্রেজার ভাঙচুর করেন।পাথরশ্রমিকেরা জানান, ভজনপুর ও দেবনগর ইউনিয়নে দিনরাত ড্রেজার দিয়ে পাথর উত্তোলন চলছে। বাধা দিতে গেলে বৃহস্পতিবার তাঁদের সঙ্গে মেশিন মালিকের লোকজনের সংঘর্ষ বাধে।