নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার একটি ড্রেজারসহ তিন ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।গ্রামবাসীর অভিযোগ, বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা ছয়জনকে পিটিয়ে আহত করেছে।নুনেরটেকের বাসিন্দাদের ভাষ্যমতে, কয়েক মাস ধরে উপজেলার মেঘনা নদীর ছোট দেওভোগ বালুমহালের ইজারাদার মেসার্স নির্মাণ ট্রেডার্স ও মেঘনা নদীর বালুমহালের ইজারাদার মেসার্স জালাল এন্টারপ্রাইজের ড্রেজার শ্রমিকেরা তাদের সীমানা অতিক্রম করে নদীর তীরবর্তী ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে। গতকাল সকালে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করলে গ্রামবাসী ‘দয়াল খাজা বাবা ড্রেজার-২’ নামের একটি ড্রেজারসহ এর তিন শ্রমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।গ্রামের বাসিন্দা আমিনুল হক বলেন, ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা গ্রামের বাসিন্দা শাহ আলী (২৫), ইউছুফ আলী (৩৫), শিরিশ আলী (৩২), আবদুল (২৮), মোরশেদ আলীসহ (২৯) ছয়জনকে পিটিয়ে আহত করেছে। তাঁদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে বক্তব্য জানার জন্য চেষ্টা করেও ইজারাদার প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আজমিরুজ্জামান জানান, একটি ড্রেজারসহ সেটির কর্মচারী মনছুর আলী, ময়নুল ইসলাম ও মামুন মৃধাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।