ড্রেজারের বালুতে চাপা পড়া শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় নদ থেকে ড্রেজার দিয়ে তোলা পানিমিশ্রিত বালুর নিচে চাপা পড়া শিশুটির লাশ গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধারে সফল হন।
নিহত শিশুর নাম শ্রীবাস চন্দ্র দাস (১০)। সে সিরাজগঞ্জের কাজীপুর থানার চরবানুডাঙ্গা এলাকার নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে। জরুন এলাকায় মায়ের সঙ্গে থাকত সে। পড়ত স্থানীয় আইডিয়াল একাডেমিতে প্রথম শ্রেণিতে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল তিনটার দিকে শ্রীবাস কয়েক বন্ধুর সঙ্গে জরুন এলাকায় তুরাগ নদের পাশে খেলতে যায়। এ সময় সেখানে ড্রেজারের মাধ্যমে নদ থেকে পানিমিশ্রিত বালু তুলে পাশের একটি নিচু জায়গা ভরাট করা হচ্ছিল। সেখানে খেলতে গিয়ে হঠাৎ তলিয়ে যায় শ্রীবাস। বন্ধুরা বাড়ির লোকজনকে বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ওই দিন রাত নয়টার দিকে বালুর নিচ থেকে শ্রীবাসের লাশ উদ্ধার করেন তাঁরা।
এলাকাবাসীর অভিযোগ, কোনো রকম নিরাপত্তাবেষ্টনী ছাড়াই জরুন এলাকায় তুরাগ থেকে অবৈধভাবে ওই স্থানে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণেই প্রাণ গেল শ্রীবাসের।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।