ড্রেজারের বালুতে শিশু নিখোঁজ!
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় ড্রেজার দিয়ে বালু ফেলার সময় পানিমিশ্রিত বালুর নিচে শ্রীবাস চন্দ্র দাস (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। এ খবরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের বালু সরিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ শ্রীবাস সিরাজগঞ্জের কাজীপুর থানার চরবালু বান্দা এলাকার নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে। তার মা গীতা রানী দাস জরুন এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্থানীয় আরিফুল ইসলামের বাড়িতে তাঁরা ভাড়া থাকেন।
শ্রীবাসের বাবা নিরঞ্জন প্রথম আলোকে জানান, তাঁর ছেলে স্থানীয় আইডিয়াল একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার বিকেলে সহপাঠীদের সঙ্গে জরুন পূর্বপাড়া এলাকায় খেলতে যায় সে। সেখানে ড্রেজার দিয়ে বালু তুলে একটি জলাশয় ভরাট করা হচ্ছে। সন্ধ্যায়ও বাসায় না ফেরায় তার সহপাঠীদের কাছে গিয়ে তার সন্ধান করা হয়। সহপাঠীরা জানায়, ড্রেজারের পাইপ দিয়ে যেখানে পানিমিশ্রিত বালু পড়ছিল, সেখানে খেলতে নামে শিশুরা। হঠাৎ শ্রীবাস ও তার সহপাঠী আরিফ বালুমিশ্রিত পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। একটা পর্যায়ে আরিফ উঠে এলেও শ্রীবাস আর পারেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে সকাল আটটা থেকে ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে শ্রীবাসকে খুঁজে বের করে উদ্ধারের চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
জয়দেবপুর থানার কোণাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো শ্রীবাসকে উদ্ধারের চেষ্টা করছেন। পানিমিশ্রিত বালুর চাপে শ্রীবাস পাশের তুরাগ নদে পড়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল (শুক্রবার) সকাল থেকে নদের সম্ভাব্য এলাকাগুলোয় সন্ধান চালানো হবে।