ঋণ জালিয়াতির অভিযোগ
ড্রেজিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
আইএফআইসি ব্যাংক থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ড্রেজিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক খান মো. মীজানুল ইসলাম।মামলার আসামিরা হলেন: প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. নজরুল ইসলাম এবং পরিচালক সেলিনা ইসলাম। আইএফআইসি ব্যাংকের ফেডারেশন (মতিঝিল) শাখার জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আবদুস সালাম ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. শওকত আলী মারা যাওয়ায় মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।দুদক দণ্ডবিধির ১২০বি/৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা করা হয়। ১ নভেম্বর এ মামলার অনুমোদন দেয় কমিশন।মামলার এজাহারে বলা হয়, ১৯৯৩ সালের ১৪ জুলাই থেকে ১৯৯৪ সালের ১৪ জুলাই পর্যন্ত আসামিরা পরস্পরের যোগসাজশে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে সিলেট বিমানবন্দরের রানওয়ের নির্মাণকাজ দেখিয়ে এবং কোনো সম্পদ বন্ধক (মর্টগেজ) না রেখেই আইএফআইসি ব্যাংক থেকে এক কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা ঋণ হিসেবে তুলে আত্মসাৎ করেন।