ড্রেজিং প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে, তার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তৃতীয় কর্ণফুলী সেতুর পাশে অভিযোগের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী নগরের সদরঘাট ও ফিরিঙ্গিবাজার এলাকায় নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন। প্রকল্পে অভিজ্ঞতা ছাড়াই যে প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে, তাতে কাজের কোনো সমস্যা হচ্ছে না বলেও মন্ত্রী দাবি করেন। প্রসঙ্গত, বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ করছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন— এমএমডিসি। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা পরিচয় দিয়ে কিছু লোক চাঁদাবাজি শুরু করলে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় প্রকল্পের বালু তোলার কাজ কিছুদিন বন্ধ ছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার মালয়েশিয়ার রাষ্ট্রদূত নৌমন্ত্রীকে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের নানা সমস্যা নিয়েও অভিযোগ করেন বলে জানা গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী রাষ্ট্রদূত জামাল উদ্দিন বিন সাবেহকে নিয়ে প্রকল্প পরিদর্শনে আসেন। মন্ত্রীর পরিদর্শনের আগে গতকাল সকাল থেকে এই প্রকল্পের আওতায় পুরোদমে বালু-মাটি তোলার কাজ শুরু হয়। গতকাল ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা পরিদর্শনের সময় ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নৌমন্ত্রীকে ফুলের তোড়া দেওয়া হয়। এ সময় স্থানীয় নেতারা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, কিছু পত্রিকা তাঁদের নামে অপপ্রচার চালাচ্ছে। তাঁরা মালয়েশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধেও এই ‘অপপ্রচারের’ অভিযোগ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে নৌমন্ত্রী বলেন, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের সামান্য সমস্যা থাকলেও কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে সমস্যা থাকলে তা বন্দর কর্তৃপক্ষ এবং খননকাজে নিয়োজিত মালয়েশিয়ান মেরিটাইম ড্রেজিং করপোরেশনের সঙ্গে বসে সমাধান করা যাবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌসচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী এই প্রকল্পের ২১ লাখ ঘনফুট বালি-মাটি বন্দরের কাজে ব্যবহূত হবে। বাকি ১৫ লাখ ঘনফুট বালি-মাটি ঠিকাদারি প্রতিষ্ঠান অপসারণ করবে।এ সময় নৌসচিব আবদুল মান্নান হাওলাদার, বন্দর চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক আজহার বিন মারজুকি সাংবাদিকদের বলেন, নানা সমস্যার কারণে প্রত্যাশা অনুযায়ী ১২ শতাংশ কাজ হওয়ার কথা থাকলেও ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, ‘ক্যাপিটাল ড্রেজিং এবং ব্যাংক প্রটেকশন’ প্রকল্পের আওতায় বন্দরের দুই কিলোমিটার উজানে সদরঘাট জেটির ১০০ মিটার ভাটি থেকে তৃতীয় কর্ণফুলী সেতুর ৫০০ মিটার উজান পর্যন্ত নাব্যতা ফিরিয়ে আনতে ৩৬ লাখ ঘনমিটার বালি বা মাটি ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হবে। প্রকল্পের আওতায় ৪০০ মিটার জেটি সুবিধা সম্প্রসারণের কাজও রয়েছে।এক মাসের মধ্যে এনসিটির দরপত্র: এদিকে গতকাল সন্ধ্যায় নগরের সার্কিট হাউসে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার মূল দরপত্র এক মাসের মধ্যে আহ্বান করা হবে।