ড্রেনেজ কর্তৃপক্ষ গঠনের দাবি
রাজধানীর ৪৬টি খালের মধ্যে মাত্র ২৬টির কমবেশি অস্তিত্ব আছে। তবে সেগুলোও ভরাট ও দখল হয়ে যাচ্ছে। এ ছাড়া চারপাশের বন্যাপ্রবাহ এলাকায় অপরিকল্পিতভাবে আবাসন প্রকল্প গড়ে ওঠায় নগরের পানিনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। মহাপরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ কর্তৃপক্ষ গঠন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা না গেলে জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়া সম্ভব নয়।
গতকাল বুধবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিিনয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ঢাকা জেলা ও আইডিইবি স্টাডি অ্যান্ড রিসার্চ সেলের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এ কথা বলা হয়। আইডিইবি ভবনের কাউন্সিল হলে ‘ঢাকা শহরসহ বিভিন্ন নগরীতে জলাবদ্ধতা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবি স্টাডি অ্যান্ড রিসার্চ সেলের সদস্য প্রকৌশলী কাজী হাবিব উল্লাহ। তিনি বলেন, ঢাকার নদীগুলোর দুই ঢালেই ১৫০ ফুট জায়গা খালি রাখার কথা থাকলেও সেসব অংশ দখল করে স্থাপনা নির্মিত হয়েছে। খালগুলোও ভরাট ও দখল হয়ে গেছে। ফলে জলাবদ্ধতা সমস্যা বেড়েই চলেছে। প্রয়োজনের তুলনায় নিষ্কাশন পাম্পের সংখ্যা ও ক্ষমতা কম থাকায় অতিবৃষ্টিতে অসহনীয় এবং দীর্ঘ সময়ের জলজট সৃষ্টি হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধবেষ্টিত এলাকায় পর্যাপ্ত ক্ষমতাসম্পন্ন পাম্প স্টেশন স্থাপন অপরিহার্য হয়ে পড়েছে।
প্রবন্ধে প্রকৌশলী হাবিব উল্লাহ জলাবদ্ধতারোধে কিছু সুপারিশ উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে আন্তমন্ত্রণালয় তদারকি কমিটি গঠন, ঢাকা ওয়াসা, রাজউক, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় রক্ষা করে বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম নেওয়া, মে মাসের আগেই নর্দমা ও খাল পরিষ্কার করা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা ইত্যাদি।
বিশেষ অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, শহরগুলোতে জলাবদ্ধতা নিরসনে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। যদি নেওয়া হতো তাহলে এ ধরনের জলাবদ্ধতা হতো না।
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ বলেন, নগর ব্যবস্থাপনায় এ পর্যন্ত সব সরকারই ব্যর্থ হয়েছে। যার জন্য দেশের সব জেলাতেই জলাবদ্ধতা হচ্ছে। ঢাকায় বৃষ্টি কম হয় বলে ঢাকা ওয়াসা বেঁচে যায়। না হয় নগরবাসী রাস্তায় নেমে আসত। আইডিইবি স্টাডি অ্যান্ড রিসার্চ সেলের চেয়ারম্যান এম এ গোফরান নগর ব্যবস্থাপনার জন্য আলাদা একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা তহবিল গঠনের প্রস্তাব করেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইডিইবি ঢাকা জেলা সভাপতি মো. খবির হোসেন।