
প্রচণ্ড গরমে কাঙ্ক্ষিত বৃষ্টি কোনো স্বস্তি আনতে পারে না তেজগাঁও শাহীনবাগের ৬ নম্বর গলির বাসিন্দাদের জীবনে। কারণ, একটু বৃষ্টিতেই গলিজুড়ে থইথই পানি। আর জমে থাকা সেই পানি নামতে লাগে অন্তত দুই দিন। তাই বৃষ্টিতে সাময়িক স্বস্তির বদলে ভোগান্তিই হয়ে ওঠে মুখ্য।
গলির বাসিন্দারা বলছেন, সম্প্রতি সেখানে রাস্তার সংস্কারকাজ করা হলেও ড্রেনেজ ব্যবস্থা আগের অবস্থাতেই রয়ে গেছে। দীর্ঘদিন ড্রেনগুলো পরিষ্কার না করায় তা ভরাট হয়ে পানিনিষ্কাশনের অনুপযোগী হয়ে পড়েছে। এই অবস্থায় গলির পানি কখনো কখনো চলে আসছে বাড়ির উঠানে, এমনকি নিচতলার ঘর পর্যন্ত। আর চলাফেরার ভোগান্তির সঙ্গে পচা, দুর্গন্ধযুক্ত সেই পানি বাড়াচ্ছে রোগবালাইয়ের আশঙ্কা।
সরেজমিনে দেখা যায়, আগের দিন সন্ধ্যায় হওয়া বৃষ্টির পানি আটকে আছে। গলির মুখে রিকশার জন্য অপেক্ষা করছেন মিনহাজুল করিম নামের এক ব্যক্তি। প্রথম আলোকে তিনি বলেন, পানি সরার কোনো জায়গা নেই। তাই একটু বৃষ্টি হলেই রাস্তায় যেভাবে পানি জমে থাকে, তাতে হেঁটে চলাচল করা এক রকম অসম্ভব ব্যাপার। নোংরা পানিতে গা ঘিনঘিন করে। আবার রিকশাও সব সময় পাওয়া যায় না।
গলির মাঝামাঝি এক সারিতে তিনটি মুদিদোকান। প্রতিটি দোকানের সামনে ইট দিয়ে খানিকটা উঁচু করে রাখা হয়েছে। দোকানিরা বললেন, চলাচলের ভোগান্তি তো আছেই। গলিতে পানি জমে থাকলে বেচাবিক্রিও কমে যায়।
এ সময় ওই দোকানগুলোর একটিতে তেল কিনতে আসেন রূপালী পোদ্দার। পানির মধ্য দিয়ে হেঁটে আসতে আসতে তিনি দোকানির উদ্দেশে রসিকতা করে বললেন, ‘এই গঙ্গা-যমুনা কখন শুকাইব কেউ জানে না।’
একটু সামনে এগিয়ে গলির ৬৭৪ নম্বর বাড়ির সামনে কথা হলো সবজি ব্যবসায়ী ফরমান আলীর সঙ্গে। তিনি একতলা ওই ভবনের একটি অংশে ভাড়া থাকেন। বুধবার সন্ধ্যার বৃষ্টিতে তাঁর ঘরে পানি ঢুকে যায়। রাতে ঘরের পানি সেচে ফেলতে পারলেও দুর্গন্ধ যায়নি।
ভবনের অন্য অংশের বাসিন্দা মো. দিদার বলেন, রাস্তার এই পানি পায়ে লাগলে সাবান-ডেটল দিয়া ধুইলেও গন্ধ যায় না। সেই পানি যদি ঘরে ঢোকে, তাইলে কী অবস্থা হয় কন তো?
ঘণ্টাখানেক ওই গলিতে অবস্থানকালে রাস্তার দুই পাশের বাড়িগুলোর সামনে অনেক ব্যক্তিকে রিকশার জন্য অপেক্ষা করতে দেখা যায় জলমগ্ন অংশটুকু পার হওয়ার জন্য।
বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে ডিএনসিসির ৩ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন প্রথম আলোকে বলেন, শাহীনবাগে জলাবদ্ধতার এই সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।