ঢাকা দক্ষিণ—ওয়ার্ড ৪১: টিপু সুলতান রোড, লালমোহন সাহা স্ট্রিট ও র্যাঙ্কিন স্ট্রিট
ড্রেনেজ ব্যবস্থায় নজর নেই
পুরান ঢাকার টিপু সুলতান মোড় থেকে বাঁ দিকে ধোলাইখাল যাওয়ার রাস্তা এবং সোজাসুজি রথখোলা রাস্তা—দুটিই যানজটে স্থবির।
এরই মধ্যে পাশের ভজহরি সাহা স্ট্রিটে খোলা ম্যানহোলে রিকশার চাকা পড়ে উল্টে হাত ভেঙেছে কিশোর কিশলয়ের। ব্যথায় কাতরাচ্ছে সে। ছেলেকে নিয়ে রিকশা বদলে বাবা নয়াবাজার শ্রমজীবী হাসপাতালে রওনা দিয়েছেন। কিন্তু নবাবপুর রোড বা ইংলিশ রোড কোথাও যাওয়ার উপায় নেই। টিপু সুলতান রোডের মোড়ে আসতেই কেটে গেছে কিছুক্ষণ। এরপর রিকশা এক জায়গাতেই আটকা। বাবা নজরুল ইসলাম প্রবোধ দিচ্ছিলেন, ‘এক্ষুনি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে বাবা, একটু কষ্ট করো।’
দৃশ্যটি গতকাল রোববার বেলা একটার দিকের। জনসন রোড, ধোলাইখাল, গুলিস্তান ছাড়াও বংশালের দিক আসা সব যানবাহন তখন স্থবির।
হলুদ রঙের পাতলা কটি পরা কমিউনিটি পুলিশ নবাবপুরের দিক থেকে আসা ঠেলাগাড়ি, টেম্পো, কাভার্ড আর রিকশা সামলাতে ব্যস্ত। ছেলের কাতরানিতে বাধ্য হয়ে রিকশা থেকে নেমে পড়েন বাবা নজরুল ইসলাম। পাঁজাকোলা করেই ছোটেন হাসপাতালে। ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত কমিউনিটি পুলিশ আবদুল আলিম স্বগতোক্তি করলেন, ‘কোলে নিয়া দৌড় দিয়া হ্যায় ভালাই করছে।’
এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, এ ধরনের যানজটের দৃশ্য প্রায় প্রতিদিনের। আর যে ম্যানহোলের কারণে কিশলয়ের হাত ভেঙেছে, সে ধরনের খোলা ম্যানহোলও পুরো ওয়ার্ডে কমপক্ষে ৩০টি রয়েছে। যেখান থেকে ময়লা পানি উপচে ভাঙা রাস্তায় সয়লাব হয়ে থাকে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ডের প্রধান দুটি সমস্যা ড্রেনেজ ব্যবস্থা ও যানজট। লালমোহন শাহ স্ট্রিট, ভজহরি সাহা স্ট্রিট, দক্ষিণ মৈশুন্ডি, ওয়ারী স্ট্রিট, জয়কালী মন্দির রোড (একাংশ), নবাব স্ট্রিট, মদন মোহন বসাক রোড, টিপু সুলতান রোড, র্যাঙ্কিন স্ট্রিট, পদ্মনিধি লেন, হরি স্ট্রিট, নারিন্দা রোড (একাংশ), জোরপুল লেন ফোল্ডার স্ট্রিট (একাংশ), চণ্ডীচরণ বোস স্ট্রিট, হাটখোলা রোড অ্যান্ড বলধা হাউস, লারমিনি স্ট্রিট, রাধা-শ্যাম সাহা স্ট্রিট নিয়ে এই ওয়ার্ড।
ভজহরি সাহা স্ট্রিট, দক্ষিণ মৈশুন্ডি, ওয়ারী স্ট্রিট, জয়কালী মন্দির রোড (একাংশ), নবাব স্ট্রিট, মদন মোহন বসাক রোড, র্যাঙ্কিন স্ট্রিট এলাকা ঘুরে দেখা যায়, ভাঙা রাস্তায় নর্দমার ময়লা উপচে পড়ছে। র্যাঙ্কিন স্ট্রিটের বাসিন্দা তরুণ চন্দ বলেন, বৃষ্টি হলে রাস্তায় চলাফেরা দায় হয়ে পড়ে।
খোলা ম্যানহোলের কারণে রিকশা উল্টে যে কিশোরের হাত ভেঙেছে, ভজহরি সাহা স্ট্রিটের সেই স্থানে গিয়ে দেখা গেল, রাস্তার দুই পাশে কোনো নর্দমা নেই। ম্যানহোলটি খোলা ও অরক্ষিত। ভেতরে যে নর্দমা দেখা গেল, তা বেশ সরু। ম্যানহোলের ঢাকনা দূরে পড়ে আছে। চারদিকে ছড়িয়ে আছে তরল আবর্জনা। এলাকাবাসী জানান, এ অবস্থায় বেশির ভাগ সময় কোনো রিকশাওয়ালা এখানে আসতে চায় না। বাড়তি ভাড়া চায়। লালমোহন শাহ স্ট্রিটেও এ ধরনের একটি ম্যানহোল দেখা যায়।
সিটি করপোরেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকের শুরুতে লালমোহন সাহা স্ট্রিট এবং ২০০২ সালে টিপু সুলতান রোডে ড্রেনেজ লাইন হয়। দক্ষিণ মৈশুন্ডির বয়োজ্যেষ্ঠ বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, ‘ওয়ার্ডের বেশির ভাগ এলাকা আগের ড্রেনেজ ব্যবস্থার মধ্যেই পাক খাচ্ছে। এ জন্য বাইরের লোক এলাকায় এসেই বলে, এত দুর্গন্ধ কেন? লজ্জা পাওয়া ছাড়া তখন কিছুই করার থাকে না।’
নারিন্দা, বলধা গার্ডেন, জোরপুল লেনে পানির পাম্প থাকায় ওয়ার্ডে ঢাকা ওয়াসার পানির অবস্থা তুলনামূলক ভালো। তবে পানির পাইপগুলো বেশ পুরোনো। যার ফলে ফুটো হয়ে ময়লা ঢোকে। নারিন্দা রোডের বাসিন্দা আবদুস সাত্তার বলেন, দুর্গন্ধের কারণে সারা বছরই গভীর নলকূপের পাম্পের কল থেকে পানি সংগ্রহ করতে হয়।
কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় লোডশেডিং হয় তুলনামূলক কম। কিন্তু সঞ্চালন ও বিতরণ লাইনের ধারণক্ষমতার তুলনায় বিদ্যুতের লোড বেশি হওয়ায় ঘন ঘন বিদ্যুৎ চলে যায়। লাইন পরিবর্তন না করলে এই সমস্যা যাবে না বলে ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি (ডিপিডিসি) থেকে তাদের বলা হয়েছে।
৪১ নম্বর ওয়ার্ডে অন্য প্রার্থী যাঁরা
বিএনপি-দলীয় হািজ ফরহাদ আলী মুকুলও নির্বাচন কমিশনের বৈধ প্রার্থী হয়েছেন। তিনি সাবেক কাউন্সিলর লিয়াকত আলীর ভাই। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রাশেদ রেজা রিজভী।
জনসমক্ষে আসতে দিলে জয়ী হব
বিএনপি প্রার্থী লিয়াকত

৪১ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী দাবি করেছেন, যদি তাঁকে জনসমক্ষে আসতে দেওয়া হয় এবং নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে তিনি জয়ী হবেন। গতকাল রোববার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে তিনি এ কথা বলেন।
বিভিন্ন মামলার কারণে জনসমক্ষে আসতে পারছেন না বলে জানিয়ে লিয়াকত আলী বলেন, অতীতে চারবার তিনি ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছিলেন। এখনো তাঁর যথেষ্ট জনসমর্থন রয়েছে। ২০০২ সালে নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির ৮০ ভাগের বেশি পূরণ করেন। আবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করবেন।
এলাকার ড্রেনেজ-ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, পুরো রাজধানীতেই ড্রেনেজ-ব্যবস্থা খারাপ। তাঁর ওয়ার্ড সে তুলনায় ভালো। আরও ভালো করার জন্য তিনি কাজ করবেন।
দেড় বছরের মধ্যে ড্রেনেজ-ব্যবস্থা বদলে দেব
আ.লীগের প্রার্থী সারোয়ার

৪১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী সারোয়ার হাসান। এলাকায় তিনি আলো নামে পরিচিত। গতকাল রোববার বিকেলে দক্ষিণ মৈশুন্ডি এলাকায় গণসংযোগ করার সময় তাঁর সঙ্গে কথা হয়।
বিকেল পৌনে চারটার দিকে দক্ষিণ মৈশুন্ডির প্রায় ৫০ জন বাসিন্দা তাঁর সামনে ছিলেন। তাঁদের উদ্দেশে সারোয়ার বলেন, তাঁকে ভোট দিলে এবং জয়ী করলে তাঁর প্রথম কাজ হবে এলাকার ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন। এ ছাড়া রাস্তাঘাটের উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেবেন। প্রথম আলোকে সারোয়ার বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। নির্বাচিত হলে দেড় বছরের মধ্যে পুরো ওয়ার্ডের ড্রেনেজ-ব্যবস্থা বদলে দেব।’ তিনি বলেন, এলাকায় পঞ্চায়েত করে নাগরিক সুবিধা বাড়ানো এবং সন্ত্রাস দমনে আগে থেকেই কাজ করছেন। নির্বাচিত হলে আরও ভালোভাবে করতে পারবেন।