ড্রেনেজব্যবস্থা কাজ না করায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য বৃষ্টিতে জামালপুর শহরের প্রধান সড়কে জমা পানি। ছবিটি গত শুক্রবার বিকেলে শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তোলা l প্রথম আলো
সামান্য বৃষ্টিতে জামালপুর শহরের প্রধান সড়কে জমা পানি। ছবিটি গত শুক্রবার বিকেলে শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তোলা l প্রথম আলো

সরেজমিনে গত শুক্রবার বিকেলে দেখা গেছে, শহরের প্রধান সড়কের গেটপাড়, স্টেশন রোড, লম্বাগাছ, মালগুদাম এলাকা, কলেজ রোডের শফি মিয়ার বাজার এলাকা, মৃধাপাড়া ও পুরাতন পৌরসভা সড়ক, বজ্রাপুর, কাচারিপাড়া এলাকায় পানি জমে রয়েছে। ওই সব এলাকার রাস্তা তো বটেই, ফুটপাত পর্যন্ত ডুবে গেছে। এতে যানবাহন ধীরে চলছে। লোকজন জুতা খুলে চলাচল করছেন। রাস্তার দুপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে যাচ্ছে।

শহরের কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই শহরের রাস্তায় সংস্কারকাজ হয় না। সেই সঙ্গে প্রায় সব ড্রেনেজব্যবস্থাই নাজুক হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করায় তা ভরাট হয়ে পানি নিষ্কাশনের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় সামান্য বৃষ্টিতে পুরো শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে থইথই হয়ে যায়। এতে শহরবাসীকে পচা, দুর্গন্ধযুক্ত, ময়লা-আবর্জনা মেশানো পানি মাড়িয়ে চলাফেরা করতে হয়।

শ্যামলি বস্ত্রলায়ের মালিক শ্যামল কান্তি বলেন, ‘বৃষ্টি হলেই আমার দোকানে পানি উঠে যায়। সকালে বৃষ্টি হলে রাত পর্যন্ত সড়কে পানি থইথই করে। ঈদের আগে পানির কারণে ক্রেতাই কমে গেছে। দীর্ঘদিন ধরে সড়কের দুপাশের ড্রেন পরিষ্কার করা হয় না। ফলে ড্রেন দিয়ে একদম পানি নামে না।’ তা ছাড়া অনেক পুরোনো এসব নালা নতুন করে নির্মাণ করার দরকার বলেও শ্যামল কান্তি মত প্রকাশ করেন।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, আগের নির্মাণ করা ড্রেনগুলো অনেকটাই এখন অচল। তারপর শহরের দুপাশের ব্যবসায়ীরা ড্রেনের ওপর মালামাল রাখাসহ ড্রেনে ময়লা ফেলায় সেগুলো বন্ধ হয়ে গেছে। শহরের পানি যাতে দ্রুত সরে যায়, সে জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। কিছু এলাকায় আবার নতুন করে ড্রেন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। সেগুলো নির্মাণ হলে জলাবদ্ধতার সমস্যা থাকবে না।