
ড্রেনেজব্যবস্থার পরিকল্পিত উন্নয়নকাজ এখনো আমরা দেখছি না। ঢাকা ওয়াসার ড্রেনেজের মহাপরিকল্পনা তৈরির যে একটা প্রক্রিয়া চলছিল, তার অগ্রগতি জানা যাচ্ছে না।
এখন বৃষ্টির বিষয়টি সামনে চলে এসেছে। এ সময়ে ড্রেনেজব্যবস্থা অচল হয়ে বসে থাকতে পারে না। এ জন্য অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্পমেয়াদি ব্যবস্থা নেওয়া উচিত। স্বল্পমেয়াদি ব্যবস্থার আওতায় ঢাকায় বর্তমানে যে ড্রেনেজ নেটওয়ার্ক রয়েছে, তা সম্পূর্ণভাবে সচল করতে হবে পরিষ্কার করার মাধ্যমে। ঢাকা ওয়াসার সাড়ে তিন শর মতো বৃষ্টির পানি যাওয়ার নর্দমা রয়েছে। যেগুলোর তলানিতে কঠিন বর্জ্য ও পয়োবর্জ্য জমা হয়ে শক্ত হয়ে আছে। সেগুলো পরিষ্কার করতে যন্ত্রপাতি নিয়ে আসতে হবে।
আগামী মাসের মধ্যেই স্বল্পমেয়াদি কাজ শুরু করা উচিত। আগামী মৌসুম পর্যন্ত বসে থাকলে আগামী বছর আমাদের আবারও দুর্যোগের মধ্যে পড়তে হবে। স্বল্পমেয়াদি কাজের পরে মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিতে হবে। খালগুলো মুক্ত করে সচল করতে হবে। ড্রেনেজের জন্য যে ডিজাইন করা হয়েছে, তা এখন অনুসরণ করা হচ্ছে কি না দেখতে হবে। সংস্থাগুলোর বোঝা উচিত, জনগণের টাকার অপচয় করা যাবে না, পরিকল্পিত কাজ করে জনগণের সেবা করতে হবে।
সিটি করপোরেশন ও ওয়াসার মধ্যে সমন্বয় যে নেই তাদের কাজেই বোঝা যায়। দুটি সংস্থা দুই ধরনের ড্রেনেজব্যবস্থার মধ্যে আছে। তারা আলাদা আলাদা প্রকল্প করে। ডিজাইন না জেনে, সমন্বয় না রেখে এক সংস্থার নর্দমার সঙ্গে আরেক সংস্থার নর্দমা কীভাবে যুক্ত করা হচ্ছে তা বিস্ময়ের।
মো. মুজিবুর রহমান
অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়