ড্রেনের বর্জ্যে বায়ু দূষণ পুলিশকে তদন্তের নির্দেশ
ড্রেনের বর্জ্যে বায়ুদূষণের ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করে রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগটি তিন দিনের মধ্যে এজাহার হিসেবে রুজু করে আদালতকে জানানোর ও এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার প্রথম আলোয় ‘নির্মল বায়ুর শহরে দূষণ ছড়াচ্ছে ড্রেনের বর্জ্য’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে রাজশাহী মহানগর হাকিম জাহিদুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে ওই নির্দেশ দেন।
রাজপাড়া থানার ওসিকে পাঠানো আদালতের নির্দেশে বলা হয়েছে, মহানগর হাকিমের এখতিয়ারাধীন এলাকাসহ রাজশাহী নগরের বিভিন্ন রাস্তার পাশে ড্রেনের বর্জ্য তুলে রাখা হয়েছে। এতে রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। ওই বর্জ্যের সঙ্গে থাকা রোগজীবাণু বাতাসের সঙ্গে মিশে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এর মাধ্যমে নগরবাসীর মাঝে মারাত্মক রোগের সংক্রমণ বিস্তার লাভ করতে পারে। এই কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবহেলা বা অসাবধানতার জন্য এই স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে দণ্ডবিধির ২৬৯ ধারায় আমলযোগ্য একটি অপরাধ সংঘটিত হয়েছে। ওই অপরাধের দায় সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ কার্যাদেশদাতা এড়াতে পারে না। এতে আরও বলা হয়েছে, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করা প্রয়োজন। একই সঙ্গে আগামী ৪ মের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রাজপাড়া থানার ওসি আমান উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।