শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার সকালে একটি ড্রোন আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, শুল্ক আমদানি নীতি আদেশ অনুযায়ী এটি নিষিদ্ধ। এটিতে বোমা সংযোজন করে যেকোনো নাশকতা করা যেতে পারে। এ ছাড়া এতে ক্যামেরা বসিয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ যেকোনো স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করা সম্ভব৷ তিনি বলেন, পোস্টাল পার্সেলের মাধ্যমে ড্রোনটি আনা হয়েছে। পার্সেলটি চার কেজি ওজনের দুটো প্যাকেটে সিঙ্গাপুর থেকে পাঠানো হয়েছে। সোমবার এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটে ড্রোনটি সিঙ্গাপুর থেকে শাহজালালে আসে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুল্ক গোয়েন্দা দলের উপস্থিতিতে পার্সেলটি স্ক্যানিং করে ড্রোনটি পাওয়া যায়। অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, পোস্টালের কাগজ যাচাই করে দেখা যায়, এতে ড্রোনটি খেলনা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। পার্সেলটি ঢাকার মোহাম্মদপুরের সাইফ আলি খানের নামে আনা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।