ড্রোন শিকারি ইগল!

দিন যতই যাচ্ছে, চালকবিহীন বিমানের (ড্রোন) ব্যবহার ততই বাড়ছে। কিন্তু শত্রু ড্রোন মোকাবিলার প্রশ্ন এলে তখন কী হবে? সামরিক বিশেষজ্ঞরা হয়তো নানা উপায় বাতলে দেবেন। কিন্তু নেদারল্যান্ডসের পুলিশ বলছে, ইগল পাখি দিয়েই এ কাজটা চালিয়ে নেওয়া সম্ভব।
আকাশে ড্রোনগুলো ওড়ার ক্ষেত্রে আনাড়ি ও অদক্ষ। হাল আমলে ‘খেলনা ক্যামেরা’ আকাশে উড়িয়ে ছবি তোলার মাধ্যম হিসেবেও ড্রোনের কদর রয়েছে। তবে তার অর্থ এই নয় যে এসব ছোট উড়ুক্কু যান কোনো বাধার মুখে পড়ে না। এগুলো মাঝেমধ্যেই বিভিন্ন পাখির আক্রমণের মুখে পড়ে।
মাটিতে বিচরণকারী প্রাণী ভালুক থেকে শুরু করে ভেড়ার পাল ড্রোনকে পছন্দ করে না, এ তথ্য আগেই জেনে গেছেন বিজ্ঞানীরা। কিন্তু যে আকাশে ড্রোনগুলো উড়ে থাকে, সেখানেই তাদের আসল শত্রুদের বসবাস। ড্রোন দেখলে ইগল, চিল, বাজপাখি, প্যাঁচার মতো পাখিদের মাথা যেন বিগড়ে যায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক সাময়িকী আইইইই স্পেকট্রাম-এর খবর বলছে, নেদারল্যান্ডসের পুলিশ কিছু ইগল পাখিকে প্রশিক্ষণ দিচ্ছে, যারা মনুষ্যবিহীন ছোট ছোট উড়ুক্কু যানকে আক্রমণ করে নিচে নামিয়ে আনবে। অর্থাৎ ড্রোনবিরোধী ইউনিট হিসেবে কাজ করবে এই পাখিগুলো।
ইগলদের এভাবে প্রশিক্ষণ দেওয়ার দৃশ্য-সংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ড্রোনগুলো আকাশে উড়ছে; চারপাশে ঘুরছে চারটি পাখা। কিন্তু ড্রোনের পাখা এড়িয়ে পায়ের নখ বসিয়ে তা কবজা করছে প্রশিক্ষিত ইগলগুলো। পাখিদের ড্রোনবিরোধী কাজে লাগাতে হলে এ বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছেন বিজ্ঞানীরা। কারণ, ড্রোনের পাখা পাখির জন্য বিপদ বয়ে আনতে পারে।
তবে নেদারল্যান্ডসের পুলিশ বলছে, তাদের পরীক্ষায় ইগলগুলোর কোনো শারীরিক ক্ষতি হয়নি।