হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়া ৩৮টি চালকবিহীন ছোট উড়ন্ত যান বা ড্রোনের দাবিদার পাওয়া যাচ্ছে না। এই ড্রোনগুলো খালাসের জন্য ঢাকা কাস্টম হাউসে কোনো আবেদনপত্র জমা হয়নি। দাবিদার না পাওয়ায় এসব ড্রোন বিমানবন্দরের সরকারি গুদামে পড়ে আছে। এ ছাড়া বিমানবন্দর থেকে ড্রোন খালাস স্থগিত করতে ঢাকা কাস্টম হাউসকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, এ বছরের মাঝামাঝি সময় থেকে শাহজালাল বিমানবন্দর দিয়ে খেলনার নাম করে ড্রোন আমদানি বৃদ্ধি পায়। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে আমদানি করা ৩৮টি ড্রোন গত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত আটক করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ২০১২-১৫ সালের আমদানি নীতিমালায় নির্দেশনা না থাকায় ড্রোনগুলো খালাসের অনুমতি দিতে পারছিল না ঢাকা কাস্টম হাউস।
২০১৪ সালের ২৯ জানুয়ারি সিলেটে পরীক্ষামূলকভাবে ড্রোন উড়িয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন ৩০ জানুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ড্রোন বা রিমোট কন্ট্রোলে চালিত বিমান বা হেলিকপ্টার উড্ডয়ন সক্ষমতা নিরীক্ষণের লক্ষ্যে কোনো ধরনের অনুমতি ছাড়াই পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হচ্ছে, যা উড্ডয়ন নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিস্বরূপ।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্ধারিত আকাশপথগুলো ছাড়া অন্যান্য স্থানে যেকোনো ধরনের বিমান (বেসামরিক, সামরিক ড্রোন, রিমোট কন্ট্রোলে চালিত হালকা বিমান বা হেলিকপ্টার) উড্ডয়নের জন্য বিমানবাহিনী কর্তৃক মতামত ও পূর্ব অনুমোদন প্রয়োজন।’
গত বছরের ডিসেম্বর মাসে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জাতীয় নিরাপত্তার স্বার্থে বিনা অনুমতিতে আকাশে যেকোনো ধরনের মনুষ্যবিহীন যান ওড়ানো নিষিদ্ধ করে।
এ ছাড়া আনসারুল্লাহ বাংলা টিমের তানজিল হোসেন ও গোলাম মওলা নামে দুই সদস্যকে গ্রেপ্তারের পর গত বছরের ১৭ ডিসেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ড্রোন দিয়ে নাশকতা ঘটানো সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। গ্রেপ্তার এই দুজন ড্রোন নিয়ে গবেষণা করেছেন বলেও ডিবির এই কর্মকর্তা দাবি করেন।
ড্রোন আটক ও আইএসপিআরের বিজ্ঞপ্তির বিষয় উল্লেখ করে ড্রোন আমদানির ক্ষেত্রে নির্দেশনা চায় ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।
ড্রোন খালাস স্থগিতের বিষয়ে গত সোমবার ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ড্রোন নিয়ে খারাপ কিছু ঘটার আশঙ্কায় নির্দেশনা চেয়ে চিঠি এনবিআরকে দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এনবিআর ড্রোন খালাস স্থগিতের নির্দেশ দিয়েছে। তিনি আরও জানান, এক মাস ধরে বিমানবন্দর দিয়ে ড্রোন আমদানি একেবারেই বন্ধ হয়ে গেছে। আটক ৩৮টি ড্রোন খালাস করতে কোনো আবেদনপত্র তাঁদের কাছে জমা হয়নি।
এদিকে বাংলাদেশে ড্রোন নীতিমালা তৈরি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নীতিমালার আওতায় শিশুদের দূর-চালিত খেলনা উড়োজাহাজও থাকবে। যেসব প্রতিষ্ঠান ড্রোন ওড়ায় বা ড্রোন-সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৭ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি খসড়া নীতিমালা করেছে, যারা ড্রোন ওড়ায় বা এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের কথা বলে বিষয়টি চূড়ান্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের নীতিমালাও দেখতে বলা হয়েছে। তবে সেই নীতিমালা এমনভাবে করতে হবে, যা সত্যিকার অর্থে কার্যকর হয়।