ড্রোন মোতায়েনের সিদ্ধান্তে উদ্বেগ ও প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে মানুষবিহীন বিমান ড্রোন মোতায়েনে ভারতের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ভারতের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
গতকাল মঙ্গলবার আইন ও সালিশ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের নিয়মিত গুলিবর্ষণ ও তাতে বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার ঘটনা থেকে সৃষ্ট পরিস্থিতি উত্তরণের কোনো উদ্যোগ না নিয়ে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাবে।
এদিকে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারতীয় সাম্রাজ্যবাদের নিম্নমাত্রার যুদ্ধ পরিচালনার অংশ।