ঢপলীলা 'রাধার মানভঞ্জন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের শিশির নেই, তবু ঝরছে শিউলি ফুল। সাদা কাশফুল দোল খাচ্ছে নদীর তীরে। নীলাকাশে উড়ছে রং-বেরঙের পাখি। এরই মধ্যে পাড়া-মহল্লা-গ্রাম-শহর থেকে ভেসে আসছে উলুধ্বনি আর শাঁখ-ঢাকের বাদ্য। মণ্ডপে মণ্ডপে নানা আনন্দ আয়োজনে পালিত হচ্ছে শারদোৎসব।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে উপলক্ষ করে বাংলাদেশের নানা অঞ্চলে ঐতিহ্য ও বংশপরম্পরায় নানা লোক-উৎসবের আয়োজন করা হয়। সিলেটের হাওরাঞ্চলে এ উৎসবের বৈচিত্র্য-রং-রূপ যেন একটু বেশিই। কীর্তন, ঢপযাত্রা, ঢপলীলা, বাউলগান, নৌকাবাইচ, কুস্তিখেউড়, কেচ্ছাপাঠের আসরসহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে এই অঞ্চলের পূজামণ্ডপগুলো।
হাওর তথা ভাটি অঞ্চলের অন্যতম লোক-গীতিনৃত্যনাট্য রীতি হচ্ছে ‘ঢপলীলা’। গত বুধবার মধ্যরাতে নৃত্যনাট্যের জনপ্রিয় এ ধারাটি মঞ্চায়িত হলো সিলেট নগরের করেরপাড়া এলাকার ‘ভাটিবাংলা অগ্রদূত যুবসংঘ’-এর পূজামণ্ডপে। পরিবেশনকারী দল ছিল সুনামগঞ্জের হাওরের মধ্যবর্তী জনপদ জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের ‘বোন বোন সম্প্রদায়’। দলটি পরিবেশন করে রাধা-কৃষ্ণের প্রেমলীলাবিষয়ক ঢপলীলা ‘রাধার মানভঞ্জন’। মধ্যযুগের ঐতিহ্যবাহী এই ঢপলীলা দেখতে হাজারো মানুষ ভিড় করেছিলেন মণ্ডপে।
বোন বোন সম্প্রদায়ের পরিচালক সঞ্চিতা রানী তালুকদার (২৩) বলেন, ২০০৬ সাল থেকে তাঁরা নিয়মিত বিভিন্ন পূজামণ্ডপে ঢপলীলা পরিবেশন করে আসছেন। ‘রাধার মানভঞ্জন’ ছাড়াও ‘নৌকাবিলাশ’, ‘একনাম’ ‘পদাবলি’সহ কয়েকটি ঢপলীলা তাঁরা পরিবেশন করেন।
ভাটিবাংলা অগ্রদূত যুবসংঘের সাধারণ সম্পাদক স্বপন বর্মণ বলেন, ‘পেশার কারণে বাড়ি ছেড়েছি সেই কবে। কিন্তু নগরে বসবাস করেও ফেলে আসা ঐতিহ্যকে ভুলতে পারিনি। তাই এবারের পূজায় ঢপলীলা আয়োজন করেছিলাম। তবে এতটা সাড়া ফেলবে তা ভাবতেও পারিনি।’