ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেছে সবজিখেত
তিন দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কমপক্ষে ১৮ হেক্টর জমির সবজিখেত তলিয়ে গেছে। বৃষ্টি না থামলে এ ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার ছদাহা, বাজালিয়া, পুরানগড়, চরতি, মাদার্শা ও কাঞ্চনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁকরোল, করলা, ঝিঙে, বেগুন, বরবটি ও ঢ্যাঁড়সখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া উপজেলার কয়েকটি গ্রামের নিচু এলাকার আমন বীজতলা পানিতে ডুবে আছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছদাহা ও বাজালিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, হাঙর খালের পাশের জমিতে রোপণ করা কাঁকরোল, করলা, বেগুন ও ঝিঙেখেত পানিতে ডুবে আছে। কিছু কিছু সবজিখেতের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা গ্রামের চাষি শামসুল ইসলাম ও আবুল কাশেম যৌথভাবে আড়াই মাস আগে দেড় একর জমিতে বেগুন ও ঝিঙে চাষ শুরু করেন। ছদাহার পাহাড়ের কাছাকাছি হাঙর খালের পাশে তাঁদের জমি। তবে খেতের অবস্থা দেখে দুজনই খুব হতাশাবোধ করছেন বলে জানিয়েছেন।
শামসুল ইসলাম বলেন, টানা তিন দিনের বৃষ্টি ও ঢলে বেগুনখেত পুরোপুরি ডুবে গেছে। আর ঝিঙেখেত অর্ধেক পরিমাণ ডুবে গেছে। বৃষ্টি বাড়লে এটাও পুরোপুরি ডুবে যাবে।
আবুল কাশেম বলেন, বৃষ্টি না কমলে পুরো খেতই নষ্ট হয়ে যাবে। তিনি জানান, তাঁর মতো আরও অনেক কৃষকের সবজিখেত পানিতে তলিয়ে গেছে। এতে তাঁরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অন্তত ১৮ হেক্টর জমির সবজিখেত নষ্ট হওয়ার পথে। তিনি বলেন, মাঠকর্মীরা এখনো ক্ষয়ক্ষতির বিষয়ে সম্পূর্ণ তথ্য দেননি। আগামী সপ্তাহে মাঠকর্মীদের কাছ থেকে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। তিনি জানান, বৃষ্টি না থামলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে।