
মিয়ানমারের রাখাইন রাজ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করে সেখান থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল থামাতে হবে। এর পাশাপাশি মিয়ানমারের সংখ্যালঘু ওই জনগোষ্ঠীকে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে দ্রুত তাদের বাসভূমিতে ফেরাতে বলেছে এশিয়া আর ইউরোপের দেশগুলো।
মিয়ানমারের রাজধানী নেপিডোতে গতকাল সোমবার আসেম (এশিয়া-ইউরোপ বৈঠক) পররাষ্ট্রমন্ত্রীদের ১৩তম বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছেন দুই মহাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
২৫ আগস্ট সহিংসতা শুরুর ৮৭ দিন পরও রাখাইন থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অব্যাহত আছে। এমন এক পরিস্থিতিতে আসেম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রথম দিনে গতকাল ‘রাখাইনের পরিস্থিতি’ নিয়ে বিশেষ আলোচনায় এই আহ্বান জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওয়েবসাইটে বলা হয়েছে, আসেম পররাষ্ট্রমন্ত্রীদের মূল বৈঠক শুরুর আগে রাখাইনের পরিস্থিতি নিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সভাপতিত্বে ওই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ আসেমের সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিশেষ ওই আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন।
দুই মহাদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ১৯৯৬ সালে আসেম প্রতিষ্ঠিত হয়। ইইউসহ ইউরোপ ও এশিয়ার ৫৩ অংশীদারের এই ফোরাম প্রতি দুই বছর পরপর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকের আয়োজন করে।
বৈঠকের পর ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মুঘেরিনি সাংবাদিকদের বলেন, রাখাইনের মানবিক ও মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইইউ আবারও অবিলম্বে সেখানে সব ধরনের সহিংসতা বন্ধ করে আইনের শাসন ও বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সব কটি সাহায্য সংস্থাকে আবার সেখানে কাজ করতে দেওয়াটা গুরুত্বপূর্ণ।
>রাখাইনে দ্রুত সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান
ফেদরিকা মুঘেরিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির ‘সত্যিকারের সম্ভাবনা’ রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও মিয়ানমারের স্টেট কাউন্সেলরের সঙ্গে আলাদা আলাদা বৈঠক তাঁকে সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী করে তুলেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আসেম বৈঠকে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রথম দিনে দুই কর্ম অধিবেশনের আলোচনায় তিনি শান্তি ও উন্নয়নের জন্য বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। প্রান্তিকীকরণ ও মৌলিক অধিকারের বঞ্চনা থেকে নিরাপত্তাহীনতা সৃষ্টি হলে বলপূর্বক বাস্তুচ্যুতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে তিনি গুরুত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী টেকসই শান্তির জন্য অধিকার ও সমান সুযোগ নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন।
আসেম পররাষ্ট্রমন্ত্রীদের কর্ম অধিবেশনে অং সান সু চি রাখাইন রাজ্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তবে তিনি বৈশ্বিক অস্থিতিশীলতা আর সংঘাতের জন্য অবৈধ অভিবাসনের কারণে সন্ত্রাসবাদকে আংশিকভাবে দায়ী করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসেম বৈঠক শুরুর আগে গত রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন ধাপে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব করেছেন।
ঢাকা থেকে রোববার নেপিডোয় পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমার আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসন করতে পারবে বলে তাঁর দেশ মনে করে। তাঁর প্রস্তাবিত তিন ধাপের প্রথমটি হলো অস্ত্রবিরতি। এটি হলে সেখানে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরে আসবে এবং কেউ আর দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে না।
মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, গত ৫ সেপ্টেম্বর থেকে তারা রাখাইনে অভিযান বন্ধ করেছে। তবে সাধারণ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে বাংলাদেশে পালিয়ে আসা চরমপন্থীদের রুখতে তারা সজাগ রয়েছে।
ওয়াং ই বলেন, সব পক্ষের কঠোর পরিশ্রমের ফলে প্রথম ধাপটি এরই মধ্যে অর্জন করা সম্ভব হয়েছে। এই অস্ত্রবিরতি কাজ করতে শুরু করেছে বলে প্রতীয়মান হওয়ার পর দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে হবে। আর তা হলো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে বের করা। এর পরের চূড়ান্ত ধাপটি হচ্ছে রাখাইনে দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কাজ শুরু। তাঁর মতে, দারিদ্র্যই রাখাইনে সংঘাতের মূল কারণ।