
খাগড়াছড়ির দীঘিনালার পোমাংপাড়া এলাকার তিনটি গ্রামের বাসিন্দাদের জন্য তিন মাস আগে কর্মসৃজন প্রকল্পের আওতায় একটি গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে এক সপ্তাহ আগে সড়কটির প্রায় ১৫ ফুট অংশ ধসে গেছে। এতে তিন গ্রামের স্কুলশিক্ষার্থীসহ অন্তত দুই শ পরিবারকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙা অংশে গাছ ফেলে এর ওপর দিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, কর্মসৃজন প্রকল্পের আওতায় দুই লাখ টাকা বরাদ্দে বোয়ালখালী (সদর) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়কটি নির্মাণ করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ চলে। পোমাংপাড়া এলাকার দুই নম্বর যৌথ খামার, মেম্বারপাড়া ও কুড়িঘরপাড়ার বাসিন্দারা এই রাস্তাটি দিয়ে চলাচল করে।
সরেজমিনে গত শনিবার পোমাংপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কটিতে একটি ছোট পাকা কালভার্ট রয়েছে। কালভার্ট ঘেঁষেই সড়কটির প্রায় ১৫ ফুট অংশের অস্তিত্ব নেই। ধসে পড়া অংশ পার হওয়ার জন্য দুটি গাছ ফেলে রাখা হয়েছে। শিক্ষার্থী ও বাসিন্দারা গাছের গুড়ির ওপর দিয়ে হেঁটে পার হচ্ছে।
দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তিন্নিকা ত্রিপুরা বলে, গাছ দিয়ে পার হওয়ার সময় অনেকে পা পিছলে নিচে পানিতে পড়ে গেছে।
মেম্বারপাড়া এলাকার বাসিন্দা নোয়ারাম ত্রিপুরা বলেন, সড়কটি নির্মাণের জন্য তাঁরা খুশি মনে জমিও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সে খুশি টিকল না।
এ প্রসঙ্গে দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটি ধসে যাওয়ার খবর তিনি শুনেছেন। সড়কটি সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে।