ঢলের বালুতে নষ্ট হচ্ছে ফসলি জমি

ভারত সীমান্তঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চানপুর গ্রামের ফসলি জমি মেঘালয় পাহাড় থেকে নেমে আসা বালুতে নষ্ট হয়ে যাচ্ছে। বালুর হাত থেকে রক্ষা পেতে অনেককে ঘরবাড়িও ছাড়তে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের সীমান্তঘেঁষে উপজেলার উত্তর বড়ধল ইউনিয়নের চানপুর, রজনীলাইন, রাজাই, মারাম, বরুঙ্গাচরা ও শান্তিপুর গ্রাম অবস্থিত। গ্রামের দক্ষিণ পাশে খাইমারা ও পচাশোল হাওর। এই দুই হাওরে ছয় গ্রামের লোকজনের ফসলি জমি। তবে চানপুর গ্রামটি একেবারে মেঘালয় পাহাড়ের পাদদেশে। ২০০৮ সালের ২০ জুলাই প্রচণ্ড বৃষ্টির ফলে গভীর রাতে পাহাড়ধসের ঘটনা ঘটে। প্রবল স্রোতের সঙ্গে নিচে বড় পাথরের টুকরো ও প্রচুর পরিমাণে বালু নেমে আসে। এক রাতেই চানপুর গ্রামের বাড়িঘরের আঙিনায় হাঁটুসমান বালুর স্তর পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
এরপর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা থেকে পরিবেশ অধিদপ্তরের লোকজন এলাকা পরিদর্শন করেন। এ ঘটনার পর থেকে প্রতিবছরই বালু আসছে। কিন্তু এটি রোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, চানপুর গ্রামের বাড়িঘরের আঙিনা, এলাকার বাজার, গ্রামের রাস্তা, মসজিদ, স্থানীয় বিজিবি ক্যাম্প, দুটি বিদ্যালয় প্রাঙ্গণ—সবখানেই বালুর স্তর পড়েছে। চানপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আবদুল কাদির বলে, ‘স্কুলের আঙিনায় তিন বছর আগে কোনো বালু ছিল না। এখন বালুতে ঢেকে গেছে। এ জন্য আমাদের সর্দি-কাশি লেগেই থাকে।’
চানপুর বাজার কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘এই বালু শুধু আমাদের পাশের দুই হাওরে নয়, একইভাবে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরেও। বালুর আগ্রাসন মোকাবিলায় উদ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে নানাভাবে দাবি জানানো হলেও কোনো ফল হয়নি।’
ওই গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির জানান, তাঁদের বাড়ি ছিল গ্রামের উত্তরপাড়ায়। কিন্তু বাড়ির চারপাশে বেশি পরিমাণে বালুর স্তর পড়ায় তিন বছর আগে সেই বাড়ি ছেড়ে গ্রামের মাঝহাটিতে গিয়ে বাড়ি করেছেন তাঁরা।
গ্রামের পাশের খাইমারা হাওরে কৃষক জাহির আলীর তিন একর জমি আছে। মেঘালয় পাহাড় নেমে আসা বালুর স্তর পড়ে ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বালুর আগ্রাসন থেকে রক্ষা পেতে বাড়িঘর ছাড়তে হয়েছে তাঁকে।
একই অবস্থা এলাকার আরও পাঁচটি গ্রামের কৃষকদের। গত সাত বছরে এলাকার দুটি হাওরের প্রায় কয়েক হাজার একর ফসলি জমি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় রাজাই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য এন্ড্রু সলমার বলেন, দিন দিন বালুর পরিমাণ বাড়ছে। আবাদি জমি কমছে। কিন্তু আজ পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মাহফুজুল হক বলেন, ‘এ পর্যন্ত কী পরিমাণ জমি নষ্ট হয়েছে সেটি বলা যাবে না। তবে প্রতিবছরই এর পরিমাণ বাড়ছে। কৃষিজমি পুনরুদ্ধার এবং এ অবস্থা মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা চেষ্টা করছি উদ্যোগ নেওয়ার।’