স্থানীয় সরকার নির্বাচন হলেও জয়পুরহাটের ক্ষেতলাল পৌর নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের একক প্রার্থিতা অন্য মনোনয়নপ্রত্যাশীরা মেনে নিলেও বিএনপির অন্য তিন মনোনয়নপ্রত্যাশী আলাদাভাবে নির্বাচন করার হুমকি দিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল দুপুরে ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ কয়েকজন নেতা কয়েক ঘণ্টা আলোচনা করেন। দলের তিন মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান এবং দুই যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ মোল্লা ও সিরাজুল ইসলাম।আলোচনা শেষে খলিলুর রহমানকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। অপর দুই প্রার্থী ওই সিদ্ধান্ত মেনে নেন। আবদুল মজিদ মোল্লা ও সিরাজুল ইসলাম একই সুরে বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য দলীয় সিদ্ধান্তকে তাঁরা মেনে নিয়েছেন।অপরদিকে ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ মাঠে বিএনপি থেকে মেয়র প্রার্থী বাছাইয়ের জন্য জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা আলোচনায় বসেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন চারজন। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা, বড়তারা ইউনিয়ন বিএনপির সদস্য ও বড়তারা ইউপি চেয়ারম্যান তোজামেঞ্চল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি জিয়া চৌধুরী এবং উপজেলা বিএনপির একাংশের কোষাধ্যক্ষ নবিউল ইসলাম চৌধুরী। কয়েক ঘণ্টা আলোচনার পর সাংসদ আবদুল মান্নান মোল্লাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেন। কিন্তু বাকি তিনজন এই সিদ্ধান্ত মেনে নেননি। তাঁরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।তোজামেঞ্চল হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান হিসেবে রাজনীতি করে আসছি। আমি উপজেলা বিএনপির সাংসদের বিপরীত গ্রুপের মনোনীত মেয়র প্রার্থী।’ জিয়া চৌধুরী বলেন, ‘আমি ক্ষেতলাল ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন, দলে আমার অনেক অবদান রয়েছে। যাকে-তাকে মনোনয়ন দিলে আমি মেনে নিতে পারি না। সর্বোপরি এ নির্বাচন দলীয়ভাবে হয় না। তাই আমি মেয়র পদে নির্বাচন করব।’ নবিউল ইসলাম চৌধুরী বলেন, ‘স্থানীয় নির্বাচন দলীয় নয়, তাই আমি দলীয় মনোনয়ন চাইনি। আমি ক্ষেতলাল পৌর সচেতন নাগরিক ফোরামের প্রার্থী।’সাংসদ গোলাম মোস্তফা বলেন, দলের সিদ্ধান্ত মেনে না নিলে সাংগঠনিকভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, দলীয় নির্বাচন না হলেও দলের বৃহত্তর স্বার্থে প্রার্থী বাছাই করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল মাহমুদের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আক্তার জাহান বলেন, দলীয় প্রার্থী ঘোষণা নির্বাচনী আইনের লঙ্ঘন। কিন্তু কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি, তাই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।