ঢাকনা খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের কলেজ রোডের বাসায় সেপটিক ট্যাংকে পড়ে নুসরাত জাহান (৫) নামের এক শিশু মারা গেছে। ট্যাংকের কোনো ঢাকনা ছিল না।
আজ সোমবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজ নামের ওই ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংকে ঢাকনা ছিল না। ওই বাড়ির গৃহকর্মী শিল্পী আক্তারের মেয়ে নুসরাত জাহান খেলতে খেলতে ট্যাংকে পড়ে যায়। ঘটনার পর বাড়ির সদস্যরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নুসরাতের বাবার নাম জাবেদ হোসেন। তাঁর বাড়ি চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায়।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সালাউদ্দিন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ট্যাংকের ঢাকনা না থাকায় শিশুটি খেলতে গিয়ে সেখানে পড়ে যায়। পরে তাঁরা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।