ঢাকনা না থাকায় নর্দমা এখন মরণফাঁদ
সাতক্ষীরা শহরের পানি নিষ্কাশনের জন্য নির্মিত নর্দমা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ঢাকনা না থাকায় প্রায় প্রতিদিন নর্দমায় পড়ে মানুষ আহত হচ্ছে। নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা, মাছি ও পোকামাকড়ের উপদ্রব বাড়ছে।
সাতক্ষীরার পৌর মেয়র আবদুল জলিল জানান, ঢাকনাবিহীন নর্দমার কারণে মানুষের অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু ৮-১০ কিলোমিটার নর্দমার ঢাকনার জন্য যে বরাদ্দ প্রয়োজন, তা নেই। ফলে রাস্তার মোড়ের নর্দমায় ঢাকনা দেওয়া যায় কি না তা নিয়ে প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, শহরের পানি নিষ্কাশনের জন্য দাতা সংস্থার বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ১০ কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়। শহরের কাটিয়া, আমতলা, পলাশপোল, মুনজিতপুর, কামালনগর, পুলিশ লাইনের পেছনে, ঘোষপাড়া, মিশন, বাঙ্গালমোড় ও সুলতানপুর এলাকায় নির্মিত এসব নর্দমার গভীরতা সাত ফুট ও প্রস্থ ছয় ফুট।
মুনজিতপুর এলাকার বাসিন্দা কাজী কামরুজ্জামান জানান, এসব নর্দমার অধিকাংশ স্থানে ঢাকনা না থাকায় প্রায়ই মানুষ পড়ে জখম হচ্ছে। গত সোমবার এলাকার নর্দমায় পড়ে মর্জিনা খাতুন নামে এক নারীর হাত ভেঙেছে। একই দিন আবদুল মাজেদ নামের রিকশাচালক রিকশাসহ পড়ে গুরুতর আহত হন। প্রায় প্রতিদিন এই নর্দমায় পড়ে কেউ না কেউ আহত হচ্ছে।
শহরের মাস্টারপাড়া এলাকার অমল রায় জানান, গত ২০ নভেম্বর কাটিয়ায় বিউটি হোটেলের পাশের নর্দমায় পড়ে ব্যবসায়ী শেখ হেলালউদ্দিনের পা ভেঙে গেছে। একইভাবে কাটিয়া বাজার এলাকার নর্দমায় পড়ে আহত হয়েছেন একই এলাকার আবু রায়হান ।
কাটিয়া কাছারিপাড়া এলাকার বাসিন্দা আবদুল মান্নান ও জিয়ারুল আলী জানান, মাসের পর মাস নর্দমা পরিষ্কার করা হচ্ছে না। ফলে দুর্গন্ধের কারণে এর পাশ দিয়ে হাঁটা যায় না। পচা পানিতে মশা-মাছি ও পোকামাকড়ের বংশ বৃদ্ধি ঘটছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী নূর আহমঞ্চাদ জানান, দাতা সংস্থার কাছে বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠানোর সময় নর্দমার ঢাকনার কথা উল্লেখ করা হয়। কিন্তু দাতা সংস্থার ধারণা, ঢাকনা দিলে নর্দমা ঠিকমতো পরিষ্কার করা না হলে দ্রুত ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে সমস্যা বাড়বে। তবে এখন থেকে নর্দমা নির্মাণ করলে ঢাকনা কিংবা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হবে।