ঢাকনাবিহীন ম্যানহোলে বন্দীদের আত্মগোপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী মোহাম্মদ শফিকুল কারাগারের সেফটিক ট্যাংকের ভেতরে আত্মগোপনে ছিলেন এক দিন এক রাত। জেলার লোহাগাড়া থানার মাদক মামলার ওই হাজতিকে অনেক খোঁজাখুঁজি করে সেফটিক ট্যাংক থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ১৪ জানুয়ারি এ ঘটনা ঘটে। তাঁকে না পাওয়ায় ওই দিন কারাগারে বন্দীর হিসাবও মেলেনি। শুধু ওই বন্দী নন, কারাগারের ৩৩৫টি সেফটিক ট্যাংক ও পয়োনিষ্কাশন লাইনের ঢাকনা না থাকায় বন্দীর আত্মগোপন, পরিবেশ দূষণ ও পরিছন্নতা কর্মীরা পড়ে হতাহতের ঘটনা ঘটছে। ম্যানহোলের ঢাকনাগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাওয়ায় তা মেরামতের জন্য বলা হলেও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ কারা কর্তৃপক্ষের।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, কারাগারের অভ্যন্তরে ৩৩৫টি ম্যানহোল ঢাকানাবিহীন রয়েছে। এগুলো মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কাজ শুরু করেনি। ম্যানহোলে যাতে কোনো বন্দী আত্মগোপন করতে না পারেন এবং নানা দুর্ঘটনা এড়াতে কারারক্ষীদের পাহারা বাড়ানো হয়েছে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, শিগগিরই কাজ শুরু করা হবে।
কারা সূত্রে জানা গেছে, কারাগারে বর্তমানে পাঁচ হাজার ২০০ বন্দী রয়েছেন। ধারণক্ষমতার তিন গুণ বন্দীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। সকালে কারাগারের বিভিন্ন ওয়ার্ডে তালা খোলার পর বন্দীরা কারাগারের ভেতর গোসলসহ যাবতীয় কাজ সেরে থাকেন। এ ছাড়া সশ্রম দণ্ডপ্রাপ্ত কয়েদিরা দাপ্তরিকসহ বিভিন্ন কাজ সারতে আসা-যাওয়া করে থাকেন। কিন্তু কাল হলো, কারাগারের অভ্যন্তরে থাকা ৩৩৫টি সেফটিক ট্যাংক রয়েছে ঢাকনাবিহীন। ঢাকনাগুলো নষ্ট হয়ে যাওয়ায় ম্যানহোলগুলো উন্মুক্ত অবস্থায় রয়েছে। এগুলো খোলা অবস্থায় থাকায় একদিকে বায়ুদূষণ, অপর দিকে বন্দী আত্মগোপনের ঘটনা ঘটছে।
কারাভ্যন্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত পরিছন্নতা কর্মীরাও যেকোনো সময় ম্যানহোল দিয়ে সেফটিক ট্যাংকে পড়ে যেতে পারেন। গত ১৪ জানুয়ারি শফিক নামের এক বন্দী ম্যানহোলে ঢাকনা খোলা থাকায় ভেতরে ঢুকে আত্মগোপনে থাকেন। পরে ঊধর্বতন কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কারাগারের সেফটিক ট্যাংক, সোক ওয়াল ও পীটের খোলা মুখে ছোট তালা লাগানোর সুবিধাযুক্ত ম্যানহোলের ঢাকনা সংযোজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করে। এরই পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ছগির মিয়া গণপূর্ত বিভাগের প্রকৌশলী বরাবরে চিঠি দেন ১৮ জানুয়ারি।
কারাগারে আটক বন্দী রায়হান উদ্দিন, সুরুজ মিয়া, কামাল উদ্দিনসহ একাধিক বন্দী আদালতে হাজিরা দিতে এলে গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন, কারাভ্যন্তরে বেশির ভাগ ম্যানহোলে ঢাকনা না থাকায় চলাফেরা করতে কষ্ট হয়।