ঢাকা অঞ্চলে আজ লোডশেডিং হবে না
ঢাকা মহানগর ও টঙ্গীসহ মহানগরের পার্শ্ববর্তী কিছু এলাকায় (ঢাকা অঞ্চল) আজ বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ উন্মুক্ত থাকবে। অর্থাৎ প্রত্যেক গ্রাহক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। কোনো লোডশেডিং হবে না। এই অঞ্চলে দিনের বেলায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা নিরূপণ এবং সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর (ডিপিডিসি, ডেসকো ও আরইবি) সর্বোচ্চ বিতরণের ক্ষমতা পর্যবেক্ষণের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এই উন্মুক্ত সরবরাহের আয়োজন করেছে। পিডিবি দেশের মোট আটটি অঞ্চলে এ ধরনের পর্যবেক্ষণের আয়োজন করেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট—এই ছয়টি অঞ্চলে পর্যবেক্ষণ সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার হবে ঢাকা অঞ্চলে। আগামী রোববার হবে খুলনা অঞ্চলে। এই আটটি অঞ্চলের পর্যবেক্ষণের ফলাফলের ওপর ভিত্তি করে সারা দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পুনর্নির্ধারণ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর অবকাঠামো (উপকেন্দ্র, বিতরণ লাইন প্রভৃতি) উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে এই অঞ্চলে বিদ্যুতের চাহিদা বাড়লেও বিতরণব্যবস্থার কারণে সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা অঞ্চলের উপরিউক্ত তিনটি বিতরণ কোম্পানির বিদ্যমান অবকাঠামোয় সর্বোচ্চ বিতরণ ক্ষমতা প্রায় দুই হাজার মেগাওয়াট। কিন্তু এখানে সর্বোচ্চ চাহিদা আরও বেশি বলে কোম্পানিগুলোর সূত্র জানায়।