ঢাকা অঞ্চলে বুয়েটের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক উৎসবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা প্রাধান্য দেখিয়েছেন। গতকাল শুক্রবার বুয়েটে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চমবারের মতো আয়োজিত এ উৎসবে ঢাকা বিভাগের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের মধ্যে প্রথম ১৫ জনকে জাতীয় পর্যায়ে অংশ নিতে বাছাই করা হয়েছে। এঁদের ১২ জনই বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
আঞ্চলিক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের কে এম শিহাবুদ্দিন ও আহমেদ নাজিমুদ্দিন।
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মনোয়ারুল ইসলাম বলেন, গণিতের যেসব সমস্যা কঠিন মনে হয়, তা শিক্ষকের জন্য ফেলে না রেখে শিক্ষার্থীদের চেষ্টা করা উচিত।
বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ বলেন, বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো একটি অপরটির সঙ্গে যুক্ত। গণিতের সমস্যা নিয়ে দিনের পর দিন লেগে থাকার ধৈর্য থাকতে হবে।
বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, সৃষ্টির যেকোনো জায়গায় গণিতের কাঠামো রয়েছে। এ কাঠামো কল্পনা করে নিতে হবে।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী বলেন, গণিত ভালোবাসার বিষয়। একবার বুঝে গেলেই আকর্ষণীয় মনে হবে।
ঢাকা আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩-এর আহ্বায়ক মো. মনিরুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল চৌধুরী, অধ্যাপক আবদুল আলিম প্রমুখ বক্তব্য দেন। ২০ মার্চ ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে জাতীয় পর্যায়ের উৎসব অনুষ্ঠিত হবে।