ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের ২০১৬-১৭ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল ভোট গ্রহণের দ্বিতীয় দিন। সকাল নয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শুরু হয়েছিল গত বুধবার থেকে।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার ১৫ হাজার ৫০ জন আইনজীবী ভোটার হয়েছেন। গত দুই দিনে ৮ হাজার ১৩৪ আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার রাত থেকে ভোট গণনা শুরু হয়েছে। আজ শুক্রবার গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আইনজীবী মো. শাহ আলম খান।
প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল তিনটি। সাদা প্যানেলে সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আয়ুবুর রহমান। নীল প্যানেলের সভাপতি পদে মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান। সবুজ প্যানেলে সভাপতি পদে দেলোয়ার হোসেন মল্লিক ও সাধারণ সম্পাদক পদে সুলতান আহমেদ খান। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।