ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, আজ গণনা
দুই দিনব্যাপী ভোট গ্রহণের মধ্য দিয়ে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে বলে নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়।
গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের সদস্য মাহবুবুল হক জানান, দুই দিনে ঢাকা আইনজীবী সমিতির ১৫ হাজার ৩৭২ সদস্যদের মধ্যে ৯ হাজার ৯২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা, বিএনপি ও জামায়াত-সমর্থিত নীল এবং নিরপেক্ষ হিসেবে সবুজ প্যানেলের ব্যানারে ২৫টি পদের বিপরীতে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে সাদা প্যানেলে সাইদুর রহমান, নীল প্যানেল থেকে মাসুদ আহমেদ তালুকদার ও সবুজ প্যানেল থেকে আমিনুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেল থেকে আয়ুবুর রহমান, নীল প্যানেল থেকে ওমর ফারুক ফারুকী ও সবুজ প্যানেল থেকে আফতাব হোসেন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে সাদা প্যানেলে মোশাররফ হোসেন ও নীল প্যানেলে আফরোজা বেগম, সহসভাপতি পদে সাদা প্যানেলে তারিক হোসেন ও নীল প্যানেলে হারুন রশিদ খান, ট্রেজারার পদে সাদা প্যানেলে মকবুল হোসেন ও নীল প্যানেলে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলে আব্দুস সালাম খান ও নীল প্যানেলে হাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলে শাহাদাত হোসেন ভুইয়া ও নীল প্যানেলে তাহেরুল ইসলাম তৌহিদ, লাইব্রেরি সম্পাদক পদে সাদা প্যানেলে আলী আহমেদ ও নীল প্যানেলে মাজেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে সাদা প্যানেলে আফরোজা ফারহানা আহমেদ ও নীল প্যানেলে আকলিমা আক্তার এবং দপ্তর সম্পাদক পদে আব্দুল হাই ও নীল প্যানেলে শেখ আলাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।