ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নীল দলের
ঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল পেয়েছে সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ পাঁচটি পদ।
সভাপতি পদে নীল প্যানেলের মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক ফারুকী বিজয়ী হয়েছেন। মাসুদ আহমেদ তালুকদার ৪৫৬২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের সাইদুর রহমান মানিক পেয়েছেন ৪৩৩২ ভোট। অন্যদিকে ওমর ফারুক বিজয়ী হয়েছেন ৪৬৪৩ ভোট পেয়ে, তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আয়ুবুর রহমান পেয়েছেন ৪০৫৭ ভোট।
এ ছাড়া ১০টি সম্পাদকীয় পদের ৮টিতেই জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। শুধু সিনিয়র সহসভাপতি ও কোষাধ্যক্ষ পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। ১৫টি সদস্য পদের মধ্যে ১২ টিতে জিতেছেন নীল প্যানেলের প্রার্থীরা। সাদা প্যানেলের প্রার্থীরা জিতেছেন তিনটি পদে। সবুজ প্যানেলের কোনো প্রার্থী পাস করেননি।
আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি এস এম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।