ঢাকা-আগরতলা সড়কে ভারী যান চলাচল ৬ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অংশের ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের মোগড়া বাজারসংলগ্ন ক্ষতিগ্রস্ত হাওড়া সেতুর ওপর বসানো বেইলি সেতুর পাটাতন ভেঙে প্রায় ছয় ঘণ্টা ভারী যান চলাচল বন্ধ ছিল। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রপ্তানি পণ্যবোঝাই একটি ট্রাক উঠলে সেতুর পাটাতন ভেঙে যায়। এ সময় সড়কের উভয় পাশে অর্ধশত ভারী যান আটকা পড়ে। সন্ধ্যা ছয়টার পর বেইলি সেতুর মেরামত শেষ হলে এই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে প্রতিদিন বাংলাদেশি বিভিন্ন পণ্য রপ্তানি হয়। শুধু রপ্তানি থেকেই প্রতিদিন বন্দর আয় করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা। গতকাল প্রায় ছয় ঘণ্টা সড়ক বন্ধ থাকায় বন্দরে অনেক ট্রাক আটকা পড়েছে। ট্রাকপ্রতি ব্যবসায়ীদের এক থেকে দুই হাজার টাকা লোকসান দিতে হবে।