ঢাকা-আগরতলা সড়কের আখাউড়া অংশে যান চলাচল বন্ধ
ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অংশে গত বৃহস্পতিবার থেকে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এ অংশের টানমান্দাইল এলাকার গর্তে বৃহস্পতিবার বিকেলে রপ্তানির পণ্যবোঝাই একটি ট্রাকের চাকা আটকে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টায় ঢাকা-আগরতলা সড়কের আখাউড়ার ওই অংশের গর্তে দুটি ট্রাকের চাকা আটকে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রায় ১৫ ঘণ্টা পর ওই ট্রাক দুটি উদ্ধার হলে যান চলাচল শুরু হয়। কিন্তু দেড় ঘণ্টা পর একই এলাকায় আরেকটি ট্রাকের চাকা গর্তে আটকে গেলে পুনরায় যান চলাচল বন্ধ হয়ে যায়।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রকৌশলী ওই সড়কে যান চলাচল বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সওজের কর্মকর্তারা সড়কটির অবস্থা দেখতে ঘটনাস্থলে গেছেন।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, সড়কের ওই অংশের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার থেকে স্থলবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার ভাঙাচোরা হওয়ায় ভারতের কয়েকটি রাজ্যে বাংলাদেশি বিভিন্ন পণ্য রপ্তানিতে ধস নেমেছে। গত বৃহস্পতিবার যে অংশে ট্রাকের চাকা আটকে আছে, সেখানে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এখন গর্তের এক পাশে ৭০-৭৫টি পণ্যবাহী ট্রাক আটকে আছে। আর বন্দর থেকে ছেড়ে আসা খালি ট্রাকগুলো বিকল্প পথে চলাচল করছে।আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, ১৬ কিলোমিটার সড়ক খারাপ থাকার কারণে ব্যবসায়ীরা প্রতিদিন লোকসান দিচ্ছেন। সড়কের এই বেহাল অবস্থার ব্যাপারে আখাউড়া ও আগরতলার ব্যবসায়ীরা বুধবার দুপুরে আখাউড়া স্থলবন্দরে বৈঠক করেছেন।সওজের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শেখ সোহেল আহমেদ বলেন, সড়ক সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।