ঢাকা আঞ্চলিক গণিত উত্সব শুরু

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—স্লোগানকে সামনে রেখে আজ শনিবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হয়েছে ঢাকা আঞ্চলিক গণিত উত্সব।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় এ উত্সবের আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
চলতি বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচনের লক্ষ্যে এ বছর ২২টি শহরে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকার বাইরের সব কটি আঞ্চলিক উত্সব শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আঞ্চলিক গণিত উত্সব।
সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণিত উত্সবের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. এহতেশামুল হক খান। এরপর উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ।

উত্সবে উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য দেন ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. এহতেশামুল হক খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
সকাল ১০টায় গণিত উত্সবের লিখিত পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে শেষ হয়। এরপর রয়েছে প্রশ্নোত্তর পর্ব, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা আঞ্চলিক গণিত উত্সব শেষ হবে।
উত্সবে খুদে গণিতবিদদের উত্সাহ জোগাতে উপস্থিত রয়েছেন গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক কায়কোবাদ, গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, বিশিষ্ট বিজ্ঞান লেখক রেজাউর রহমান, বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিকাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম প্রমুখ।
২২টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ীরা ১৪ ও ১৫ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার ঢাকার আসাদগেটসংলগ্ন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠেয় জাতীয় গণিত উত্সব ২০১৪ ও দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।