ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস ভাঙচুরের প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ঢাকা-আরিচা রুটের ভিলেজ লাইন কোম্পানির পাঁচটি বাসও ভাঙচুর করেছেন।

আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে ঢাকাগামী ভিলেজ লাইনের একটি বাস সাভারের ব্যাংক টাউন এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দোতলা একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গ্লাস (লুকিং গ্লাস) ভেঙে ফেলে। এতে উত্তেজিত শিক্ষার্থীরা গাবতলী গিয়ে ভিলেজ লাইন বাসের চালক ও তাঁর সহকারীর সঙ্গে বাগবিতণ্ডা করেন। পরে ওই বাসের চালক ও সহকারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসটি ভাঙচুর করেন।

এর প্রতিবাদেই ভিলেজ লাইনের পাঁচটি বাস ভাঙচুর করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘শিক্ষার্থীরা ভিলেজ লাইন বাসটির ওই চালক ও সহকারীকে ক্যাম্পাসে এসে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছে। আমরা দুই পক্ষের মধ্যে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছি।’