ঢাকা-আরিচা মহাসড়কে নানা প্রতিবন্ধক, গাড়ির ধীরগতি
অতিরিক্ত যানবাহনের চাপ, গরুবাহী ট্রাক বিকল হওয়া এবং সেই সঙ্গে নানা প্রতিবন্ধকতার কারণে গতকাল মঙ্গলবার বিকেলের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এ কারণে পথ পাড়ি দিতে নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে।দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদে ঘরমুখী মানুষ ও গরু ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট দিয়ে আসা গরুবাহী অতিরিক্ত ট্রাক রাজধানী ঢাকায় যাচ্ছে। এসব গরুবাহী ট্রাক এবং ঈদের সামনে অতিরিক্ত যাত্রীবাহী বাসের কারণে গতকাল বিকেল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।মানিকগঞ্জের তরা, বানিয়াজুরী, মহাদেবপুর, টেপড়া ও উথুলী বাসস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড়ের কারণে গতকাল যানবাহনগুলোর স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়। তরা সেতুর টোল আদায়ের কারণেও ওই স্থানের আশপাশে প্রায়ই গাড়ির জট সৃষ্টি হচ্ছে। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল এলাকায় একটি সেতুর ওপর গরুবাহী একটি ট্রাকের চাকা ফেটে যায়। এতে এই মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। মহাসড়কের অধিক গতিরোধকের কারণেও যানবাহনগুলোতে অতিরিক্ত সময় লাগছে।যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত ৮০ কিলোমিটার মহাসড়কে রয়েছে কমপক্ষে ৫০টি গতিরোধক। এসব গতিরোধক ছাড়াও মহাসড়কের বাসস্ট্যান্ডগুলোতে এলোপাতাড়ি গাড়ি রাখা, রাস্তার ওপর হাটবাজার এবং সড়কের বাঁকে নির্মাণকাজের কারণে যানবাহনগুলোকে ধীর গতিতে চলতে হচ্ছে। এতে আড়াই ঘণ্টার রাস্তা পাড়ি দিতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগছে।বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার খান বলেন, বিকল হওয়ার ২০ মিনিটের মধ্যেই রেকার দিয়ে ট্রাকটি সেতু থেকে সরিয়ে নেওয়ায় ওই এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়।মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে। পাটুরিয়া ঘাটের চিত্র: ঈদে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া ঘাটে এসে প্রায়ই দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে ট্রাকগুলোকে। যাত্রীবাহী বাসগুলো ফেরিতে উঠতে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লাগলেও ট্রাকগুলোকে পাঁচ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নয়টি রো-রো (বড়) ও তিনটি কে-টাইপ (মাঝারি) ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে। গতকাল রাত আটটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ঘাটে আড়াই শতাধিক ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস নদী পারের অপেক্ষায় ছিল।সূত্র আরও জানায়, ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে ও নিরাপদ পারাপার নিশ্চিত করতে আজ থেকে (বুধবার) পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিন দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে কোরবানির পশু, পচনশীল পণ্য ও জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে।