ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাঙচুর, শিক্ষার্থীসহ আহত ১০
বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন ডেইরি গেটে দলের সমর্থকদের মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। তাঁরা বিএনপির সমর্থকদের বহনকারী বাসটিও ভাঙচুর করেন। এর আগে সাভারে বাসে ওঠা নিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে বিএনপির সমর্থকেরা মারধর করেন। দুই দফায় মারধরের ঘটনায় শিক্ষার্থীসহ মোট ১০ জন আহত হন। জানা যায়, গতকাল রাত নয়টার দিকে ঢাকার পল্টন ময়দানে বিএনপির মহাসমাবেশ শেষে দলের সমর্থকদের নিয়ে মানিকগঞ্জগামী একটি বাস সাভারে আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী মনোয়ার হোসেন ও তানভির ক্যাম্পাসে ফেরার জন্য জোরে করে ওই বাসে ওঠেন। বিএনপির সমর্থকেরা তাঁদের নামিয়ে দিতে গেলে তাঁদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপির সমর্থকেরা ওই দুজনকে মারধর করেন। তাঁরা মুঠোফোনে বিষয়টি মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের অন্য কর্মীদের জানালে তাঁরা ডেইরি গেটে গিয়ে ওই বাসটি থামিয়ে বিএনপির সমর্থকদের মারধর করেন। আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।