ঢাকা-আরিচা মহাসড়কে সেতুর নিচ থেকে বালু উত্তোলন
মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর ওপর নির্মিত তরা সেতুর নিচ থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। মাটি তোলার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের বৃহত্তম এই সেতুর পিলার দেবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ জাহিদ মালেকের ফুফাতো ভাই জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান সেতুর নিচ থেকে মাটি তুলছেন। মানিকগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. মফিজ উদ্দিন বলেন, কোনো স্থাপনা বা সেতু ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে মাটি বা বালু তোলা যাবে না। মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, চলতি ১৪১৯ বাংলা সনের পয়লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকায় দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়। পাঁচ লাখ ৮৫ হাজার টাকায় তরা সেতুর পশ্চিম দিকে বালুমহাল ইজারা পান ইসরাফিল হোসেন। অপর বালুমহালটি সেতুর পূর্ব দিকে খাগরাকুড়ি ও চামটা মৌজায়। এটি ১৩ লাখ ৬২ হাজার টাকায় ইজারা পান মো. আবদুর রহমান। ইজারার শর্তানুযায়ী, তরা সেতু থেকে এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি তোলা যাবে না। কিন্তু শর্ত ভঙ্গ করে ইজারাদারেরা নির্ধারিত সীমানার বাইরে সেতুর নিচ থেকে মাটি তুলছেন। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর উভয় পাশে প্রায় ৫০ থেকে ২০০ গজের মধ্যে পাঁচটি যন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। এরপর ট্রাকযোগে মাটি বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। এলাকাবাসীর অনেকে জানান, এই বালুমহালের ইজারা নির্ধারণ করা হয়েছে সেতুর উভয় পাশ থেকে এক কিলোমিটার দূরে। কিন্তু ইজারাদারেরা নির্ধারিত সীমানার বাইরে সেতুর নিচ থেকে প্রায় এক মাস ধরে মাটি তুলছেন। স্থানীয় মুলজান গ্রামের আনিসুর রহমান বলেন, যেভাবে সেতুর নিচ থেকে বালু তোলা হচ্ছে, তাতে সেতুর নিচে গভীর খাদ হয়ে পিলার দেবে যেতে পারে। এলাকাবাসী প্রতিবাদ জানিয়েও কিছু করতে পারছে না। ইজারাদার মো. ইসরাফিল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। অপর ইজারাদার মো. আবদুর রহমান বলেন, ‘টাকা দিয়ে ইজারা নিয়েছি। এ কারণে নদীর চর থেকে মাটি তুলছি।’ সেতুর নিচ থেকে যন্ত্র দিয়ে মাটি তোলার অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মাসুদ করিম বলেন, কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে ফেলে মাটি তোলা যাবে না। শিগগিরই এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।