ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনা বেড়েছে
ঢাকা-আরিচা মহাসড়কে হঠাৎ করেই দুর্ঘটনা বেড়ে গেছে। গত পাঁচ দিনেই মারা গেছেন ১১ জন। তাদের মধ্যে একই পরিবারের চার সদস্য, চারজন যানবাহন চালক, পুলিশের দুই সদস্য ও অজ্ঞাতনামা এক বাসচালক রয়েছেন।সর্বশেষ গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার সাভারের যাদুরচর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে বাসের এক যাত্রী মারা যান। আহত হন বাসের কমপক্ষে পাঁচজন। সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, কাভার্ড ভ্যানটি হঠাৎ করে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।এর আগে শুক্রবার বেলা দেড়টার দিকে সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে আনন্দ সুপার পরিবহনের একটি বাস পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী টিআর পরিবহনের একটি বাসের সঙ্গে জোরে ধাক্কা খায়। বাস দুটি পাশের খাদে পড়ে চালক জামিল হোসেন ও মনু মিয়া মারা যান। আহত হন কমপক্ষে ৩০ জন।এ ব্যাপারে কথা হয় সাভারে বিভিন্ন নাগরিক আন্দোলনের সংগঠক রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে। সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি রফিকুল বলেন, অধিকাংশ চালকই অদক্ষ এবং ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ। যেসব চালকের লাইসেন্স আছে, তাঁদেরও ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা নেই। এসব চালকেরাই দুর্ঘটনার মূল কারণ।মঙ্গলবার থেকে শুরু: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গত মঙ্গলবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান হাবিবুর রহমান নামের এক কনস্টেবল। তিনি মানিকগঞ্জ সদর থানার ওয়্যারলেস অপারেটর ছিলেন। পরদিন বুধবার ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে বালুবাহী একটি ট্রাকের চাপায় মারা যান এক অটোরিকশাচালক ও একই পরিবারের চার সদস্য। বৃহস্পতিবার দুপুরে সাভারের নবীনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহরাব হাসান ও রিকশাচালক মিজানুর রহমান। আহত হন রিকশার তিন যাত্রী। ঢাকাগামী একটি বাস একটি ব্যক্তিগত গাড়িকে চাপা দিয়ে পালানোর সময় সোহরাব বাসটি থামার সংকেত দিলেও চালক না থামিয়ে ওই কনস্টেবলসহ একটি রিকশার ওপর তুলে দিলে দুর্ঘটনা ঘটে।পুলিশের বক্তব্য: সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক হামিদুজ্জামান বলেন, গত পাঁচ দিনে পাঁচটি দুর্ঘটনার জন্য চালকদের অদক্ষতা ও অসাবধানতাই দায়ী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এসব তথ্যই পাওয়া গেছে। এসব চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে পরিদর্শক বলেন, প্রতিদিনই মামলা করা হচ্ছে। কিন্তু চালকদের গাড়ি চালানোর ধরন পাল্টাচ্ছে না।যোগাযোগ করা হলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, অদক্ষ চালকদের ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা নেই। তাঁরা জানেন না সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় (ইউ টার্ন) কী কী সাবধানতা অবলম্বন করা উচিত।