ঢাকা-আরিচা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনের চাপে আজ শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে রাজধানীগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে রাত নয়টার দিকে যানজট কিছুটা কমলেও তা জয়পুরা পর্যন্ত বিস্তৃত ছিল। যানবাহনগুলোও ধীর গতিতে চলছিল।

ধামরাই থানা-পুলিশ ও ঢাকা জেলা ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেল তিনটার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে ইসলামপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটার দিকে মহাসড়কের শ্রীরামপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট বিস্তৃত হয়ে পড়ে। এ সময় ঢাকাগামী শত শত যানবাহন যানজটে আটকা পড়ে।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের নয়ারহাট বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের চালক সোহেল আহাম্মেদ প্রথম আলোকে বলেন, শ্রীরামপুর থেকে নয়ারহাট পৌঁছাতে তাঁর সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। অথচ স্বাভাবিক সময়ে দশ মিনিটেই ওই রাস্তা পার হওয়া যায়। হানিফ পরিবহনের একাধিক যাত্রী বলেন, তাঁরা যশোর থেকে ঢাকায় ফিরছেন। তাঁদের বহনকারী বাসটি মহাসড়কের জয়পুরা এলাকায় যানজটে আটকা পড়ে। সেখান থেকে নবীনগর পর্যন্ত পৌঁছাতে তাঁদের প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঈদের ছুটি শেষে হাজারো মানুষ রাজধানীতে ফিরছেন। এ কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে।