কমিউনিটি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় এক শ্রমিকনেতার জামিন না দেওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকেরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এলোপাতাড়ি গাড়ি রেখে মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।মানিকগঞ্জ সদর থানা ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বধূবরণ কমিউনিটি সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর চালায়। সন্ত্রাসীরা টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ওই কমিউনিটি সেন্টারের মালিক লুৎফর রহমান জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকারসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ মানিকগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন।পরে শ্রমিকনেতা বাবুল সরকার ছয় সপ্তাহের জন্য হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। গত ৩০ এপ্রিল জামিনের মেয়াদের শেষ দিন ছিল।গতকাল রোববার সকালে আসামি বাবুল সরকারের উপস্থিতিতে তাঁর আইনজীবী জেলা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক গাজী দেলোয়ার হোসেন তা খারিজ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এলোপাতাড়ি যানবাহন রেখে অবরোধ করে রাখেন। এ সময় শ্রমিকেরা বাবুল সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানও দিতে থাকেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, শ্রমিকনেতা বাবুল সরকারের মুক্তির দাবিতে পরিবহন শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।