ঢাকা আসছেন ভারপ্রাপ্ত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টড আগামী সপ্তাহের শুরুতে ঢাকায় আসছেন। তিনি এ সময় সন্ত্রাসবাদ ও নিরাপত্তা সহযোগিতাসহ দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলবেন।
জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রশাসনের কোনো কর্মকর্তার এটি প্রথম ঢাকা সফর।
উইলিয়াম টডের সফর নিয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মঙ্গলবার সাংবাদিকদের জানান, ভারপ্রাপ্ত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই ঢাকায় আসছেন। মার্কিন রাষ্ট্রদূত এদিন বিকেলে পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত জানান, উইলিয়াম টডের সফর নিয়েও তাঁর সঙ্গে পররাষ্ট্রসচিবের কথা হয়েছে। এই সফরের সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এই কর্মকর্তা সন্ত্রাসবাদ, দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক, দ্বিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উইলিয়াম টড ঢাকা সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সঙ্গে দেখা করার আগ্রহ দেখিয়েছেন। টডের সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শক ঢাকায় থাকছেন না। ফলে তাঁদের সঙ্গে তাঁর বৈঠকগুলো না–ও হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হচ্ছে কি না, জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘সাধারণত ক্ষমতার পরিবর্তনের পরপরই কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন হয় না। যারা আমাদের আগে বন্ধু ছিল, তারা এখনো আমাদের বন্ধু। আগে আমাদের যা মূল্যবোধ ছিল, সেগুলো এখনো আছে।’ তাঁর মতে, এমন কোনো কারণ ঘটেনি যাতে করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়ে জানতে চাইলে এটি মার্কিন কংগ্রেসের এখতিয়ার বলে তিনি উল্লেখ করেন। মার্শা বার্নিকাট বলেন, ‘আমি সব সময় বলেছি, জিএসপি ফিরে পেতে হলে যুক্তরাষ্ট্রের দেওয়া কর্মপরিকল্পনা বাংলাদেশকে বাস্তবায়ন করতে হবে।’