ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এখন তলানিতে

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টে আনা নিন্দা প্রস্তাবকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন, ১৯৭৪ সালের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের এমন বৈরিতা আর দেখা যায়নি। ১৯৭৪ সালে বাংলাদেশ ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) সদস্য হয়। মুক্তিযুদ্ধের পরে তখন থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক গতি পায়। তবে বর্তমানে দুই দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ কাতারভিত্তিক আল-জাজিরাকে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। আরেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হলে তা পরোক্ষভাবে বাংলাদেশের ক্ষতির কারণ হতে পারে। কারণ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর পাকিস্তানের যথেষ্ট প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি অভিবাসী শ্রমিক হিসেবে রয়েছেন। দেশের অর্থনীতিতে তাঁরা বড় অবদান রাখেন। পাকিস্তান চাপ দিলে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে জনশক্তির বাজার হারাতে পারে। ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের প্রবাসী-আয় সাড়ে ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এর ৬৩ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্যে থাকা অভিবাসী বাংলাদেশিদের আয় থেকে। তাই এটি বন্ধ হলে তা বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে।
দুই দেশের বৈরী সম্পর্কের কারণে হুমকির মুখে পড়েছে পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তাও। গত বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয়। পাকিস্তানের দৈনিক ‘দ্য নেশন’ বলছে, বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূতকেও নিরাপত্তা-সম্পর্কিত নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার অজ্ঞাত একটি নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গেছে, তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি দিয়েছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে তারা ওই হুমকি দেয়। এ কারণেই নিরাপত্তা জোরদার করা হলো।
যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়। ওই প্রস্তাবে এ ঘটনাকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করা হয়। পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন), জামায়াত-ই-ইসলামি, পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই), জামিয়াতে উলেমা-ই-ইসলাম-এফ ও আওয়ামী মুসলিম লীগ এতে সমর্থন দেয়।
এর পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশে সমালোচনার ঝড় ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাবের কড়া নিন্দা জানান। ঘটনার পরদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমি কুরেশিকে তলব করেন এবং লিখিতভাবে কড়া প্রতিবাদ জানান। প্রতিবাদ জানায় গণজাগরণ মঞ্চও। সব মিলিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক এখনো যথেষ্ট উত্তপ্তই রয়ে গেছে।